আওয়ামী লীগের ‘স্বতন্ত্র’ ৪ বেকায়দায় জাতীয় পার্টি

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০২:০৫ এএম

দ্বাদশ সংসদ নির্বাচনে নীলফামারী-৩ (জলঢাকা) আসনে আসন ভাগাভাগিতে আওয়ামী লীগের কোন্দল এবার প্রকাশ্যে চলে এসেছে। এতে এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফার কপাল পুড়েছে। কারণ, মহাজোটের আসন ভাগাভাগিতে আসনটিতে লাঙ্গল প্রতীক নিয়ে আবার প্রার্থী হয়েছেন বর্তমান সংসদ সদস্য রানা মোহাম্মদ সোহেল।

আসনটির ভোটার ও নেতাকর্মীরা জানান, আওয়ামী লীগের জলঢাকা উপজেলা সভাপতি গোলাম মোস্তফা দলীয় প্রার্থীর মনোনয়ন জমা দেওয়ার সময় তার সহধর্মিণী জেলা আওয়ামী যুবলীগের সহসভাপতি মার্জিয়া সুলতানাকেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করান। এ পরিস্থিতিতে দলের মধ্যে চরম কোন্দল দেখা দেয়। এতে গোলাম মোস্তফার স্ত্রীর কাউন্টার হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ শামীম, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হুকুম আলী খান ও কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন পাভেলও স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।

মহাজোটের আসন ভাগাভাগিতে আওয়ামী লীগের প্রার্থী গোলাম মোস্তফার মনোনয়ন প্রত্যাহার করা হয়। কিন্তু আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওই চারজন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে গতকাল সোমবার প্রতীক বরাদ্দের পর আসনটি এখন ‘টক অব দ্য ডে’ হয়ে দাঁড়িয়েছে গোলাম মোস্তফার ভাগ্য বিড়ম্বনা।

এতে একদিকে নৌকা পেয়েও হারানোর বেদনায় গোলাম মোস্তফা তার স্ত্রী মার্জিয়া সুলতানা ঈগল প্রতীক নিয়ে মাঠে নেমে পড়েন। পাশাপাশি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ শামীম (মোড়া), উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হুকুম আলী খান (ট্রাক) ও কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের ত্রাণ ও সমাজ কল্যাণবিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল (কাঁচি) প্রতীক নিয়ে প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন। এতে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা কয়েক খন্ডে বিভাজন হয়ে কোন্দলে যেমন জড়িয়েছেন, তেমনি দলের পছন্দের স্বতন্ত্র প্রার্থীদের পক্ষ নিয়ে প্রচার-প্রচারণায় অংশ নিচ্ছেন। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতির সঙ্গে নেতাকর্মীদের দূরত্ব বেড়েছে বলে নেতাকর্মীরা জানান।

এ ছাড়া জাতীয় পার্টির প্রার্থীর কাউন্টার হিসেবে স্বতন্ত্র প্রার্থী জেলা জাতীয় পার্টির উপদেষ্টাম-লীর সহসভাপতি কাজী ফারুক কাদের (কেটলি) প্রতীক নিয়ে মাঠে নেমেছেন। ফলে আওয়ামী লীগের চার স্বতন্ত্র প্রার্থী ও নিজের দলের একজন স্বতন্ত্র প্রার্থী থাকায় এই পরিস্থিতিতে কোনঠাসা হয়ে পড়েছেন মহাজোটের প্রার্থী লাঙ্গল প্রতীকের রানা মোহাম্মদ সোহেলও। নাম প্রকাশে অনিচ্ছুক সিনিয়র এক আওয়ামী লীগ নেতা বলেন,  সোমবার প্রতীক বরাদ্দের পর এখন যেহেতু এ আসনে নৌকার প্রার্থী নেই। তাই আওয়ামী লীগের স্বতন্ত্র চারজন প্রার্থী মাঠে অবস্থান করছেন। গোলাম মোস্তফার স্ত্রীর কাউন্টার হিসেবে প্রতীক নিয়ে মাঠে নেমেছেন তারা। এখন দলের লোকজন কাকে জেতাবে তা নিয়ে নেতাকর্মীরাও দ্বিধা ও কোন্দলে পড়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত