আইপিএলের নিলামে চলছে পারিশ্রমিকের রেকর্ড ভাঙা গড়ার খেলা। এবারের নিলামে টুর্নামেন্টটির ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়ের কীর্তি গড়েছিলেন প্যাট কামিন্স। কিন্তু সেই রেকর্ড টেকেনি বেশিক্ষণ। সতীর্থকে ছাড়িয়ে পারিশ্রমিকের নতুন রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক।
২০২৪ আইপিএলের নিলামে আজ স্টার্ককে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের তারকা এই পেসারকে নিতে মরিয়া ছিল গুজরাট টাইটান্স। নিলামে দুই দলের লম্বা সময়ের প্রতিদ্বন্দ্বিতায় শেষ পর্যন্ত সফল হয় দুইবারের চ্যাম্পিয়ন কলকাতা।
স্টার্কের আগে নিলামের টেবিলে ঝড় তুলেছিলেন কামিন্স। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ককে দলে নিতে রীতিমত মরিয়া ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। কিন্তু শেষ পর্যন্ত এই পেসারকে ২০ কোটি ৫০ লাখ রুপিতে দলে টানে ২০১৬ আসরের শিরোপাজয়ী সানরাইজার্স হায়দ্রাবাদ। যা কিছুক্ষণ পরই কামিন্সকে ছাড়িয়ে যান আরেক বিশ্বকাপজয়ী স্টার্ক।
এই দুজনের রেকর্ড ভাঙা গড়ার খেলায় মাতার আগে ভারতীয় ও বিদেশি মিলিয়ে সর্বোচ্চ পারিশ্রমিকের আগের রেকর্ড ছিল ইংলিশ পেস বোলিং অলরাউন্ডার স্যাম কারানের। গত নিলামে তাকে ১৮ কোটি ৫০ লাখ রুপিতে দলে নিয়েছিল তখনকার কিংস ইলেভেন পাঞ্জাব।
২০১৪ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল অভিষেক হয় স্টার্কের। পরের মৌসুমেও দলটির হয়ে খেলেন তিনি। এরপর আর আইপিএলে মাঠে নামা হয়নি তার। ২০১৮ সালের মেগা নিলামে তাকে ৯ কোটি ৪০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা। কিন্তু চোটে পড়ে খেলা হয়নি তার। এবারও তাকে দলে টানল কলকাতাই।
সবমিলিয়ে, ২০১৫ সালের পর আইপিএল খেলার হাতছানি স্টার্কের সামনে। ভারতের ঘরোয়া এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে এখন পর্যন্ত ২৭ ম্যাচ খেলে স্টার্কের শিকার ৩৪ উইকেট।
স্টার্কের আগে ৫০ লাখ রুপি ভিত্তিমূল্যে ভারতীয় পেসার চেতন সাকারিয়াকে দলে টানে কলকাতা। একই পরিমাণ পারিশ্রমিকে কিপার-ব্যাটসম্যান শেখর ভারতকেও দলে ভেড়ায় তারা।
১ কোটি ভিত্তিমূল্যের ওয়েস্ট ইন্ডিজ পেসার আলজারি জোসেফকে সাড়ে ১১ কোটি রুপিতে দলে নিয়েছেন বেঙ্গালুরু। ১১ কোটি ৭৫ লাখ রুপিতে ভারতীয় পেসার হার্শাল প্যাটেলকে নিয়েছে পাঞ্জাব কিংস। হার্শালের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি।
এছাড়া নিউজিল্যান্ডের অলরাউন্ডার ড্যারিল মিচেলকে ১৪ কোটি রুপিতে দলে যোগ করেছে গত আসরের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। মিচেলের ভিত্তিমূল্য ছিল ১ কোটি রুপি। রভম্যান পাওয়েলকে ৭ কোটি ৪০ লাখ রুপিতে রাজস্থান রয়্যালস, ট্রাভিস হেডকে ৬ কোটি ৮০ লাখ রুপিতে দলে নিয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ।
