দীর্ঘ ১২ বছর পর দিনাজপুরের পার্বতীপুর ৫০ শষ্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন চালু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় এক প্রসূতির সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এ সেবা চালু হয়। এ দিন পার্বতীপুর মন্মথপুর তাঁতীপাড়া গ্রামের সুমাইয়া আকতার সুমি (২০) প্রথম সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি কন্যা সন্তানের জন্ম দেন। বর্তমানে মা ও নবজাতক সুস্থ আছে।
গত সোমবার বিকেলে সুমাইয়া আকতার প্রসব যন্ত্রণায় কাতর হয়ে হাসপাতালে ভর্তি হন। কর্তব্যরত চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন বাচ্চার নড়াচড়া খুব কম। প্রসূতির প্রচ- ব্যথা অনুভব হওয়ায় নরমাল ডেলিভারি সম্ভব হয় না। হাসপাতাল কর্তৃপক্ষ উদ্যোগ নিয়ে প্রসূতির সিজার অপারেশনের ব্যবস্থা করে। পরে মঙ্গলবার সিজারের মাধ্যমে একটি মেয়ে সন্তানের জন্ম দেন সুমি।
সিজারিয়ান অপারেশনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হামদুল্লাহর নেতৃত্বে গাইনি বিভাগের সিজারিয়ান সেকশন অপারেশনে প্রধান সার্জন জুনিয়র কনসালট্যান্ট ডা. ওয়াজিরা শিফাত জাহান, অ্যানেস্থেসিওলজিস্ট ডা. আইয়ুব আলী, জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেস্থেশিয়া) ডা. জাবেদ সারোয়ার চৌধুরীসহ স্বাস্থ্য সহকারীরা অংশগ্রহণ করেন। উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামাণিক বলেন, ‘প্রসূতিদের সিজারিয়ান অপারেশন চালু হওয়ায় এ উপজেলাসহ আশপাশের এলাকার মানুষ উপকৃত হবে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হামদুল্লাহ বলেন, ‘বিভিন্ন প্রতিবন্ধকতা থাকার পরেও আমরা চালু করতে পেরেছি সেটাই আমাদের কাছে আনন্দের ব্যাপার। আমি আসার পরে সিজারিয়ান ওটি চালু করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করি।’
