সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ২৩ জানুয়ারি দিন ধার্য করেছে আদালত। এ পর্যন্ত তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১০৪ বার পেছানো হলো।
গতকাল মঙ্গলবার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। তদন্ত সংস্থা র্যাব প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন প্রতিবেদন দাখিলের জন্য ২৩ জানুয়ারি নতুন এই তারিখ ধার্য করেন।
২০১২ সালের ১০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি তাদের ভাড়া বাসায় খুন হন। এরপরের দিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। পরে মেহেরুন রুনির ছোট ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।
