নৌকার প্রচার মিছিলে ককটেল নিক্ষেপ, আহত ৬

আপডেট : ২০ ডিসেম্বর ২০২৩, ০৫:০৬ পিএম

ফেনীতে নৌকা প্রার্থীর নির্বাচনী প্রচার ও মিছিলে হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (২০ ডিসেম্বর) রাতে ফেনী পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ড রামপুর এলাকায় নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারীর পক্ষে নির্বাচনী প্রচারের সময় এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী।

আহতরা হলেন— মো. রাব্বি হাসান (১৫), কাওসার আহমেদ অপু (১৭), মো. ইমরান (২৬), মো. দুলাল মজুমদার (৩৭), মো. আবদুর রহিম (২৫) ও নুর আলম (২০)। এর মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন।

নিজাম হাজারীর নির্বাচনী মিডিয়া সেলের সমন্বয়ক জায়লস্কর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশীদ মিলন জানান, পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার ফেনী পৌরসভার ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার চলছিল। প্রচারের অংশ হিসেবে রামপুর এলাকায় স্থানীয় কাউন্সিলর এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের অংশগ্রহণে মিছিল অনুষ্ঠিত হয়।

১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ভূঁঞা রাজন বলেন, আওয়ামী লীগের আনন্দ মিছিলে বিএনপি নেতাকর্মীরা অতর্কিতভাবে হামলা চালিয়েছে। রাতে ১৮নং ওয়ার্ডে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর কয়েকটা ককটেল ফাটিয়ে অতর্কিত হামলা করে। এ সময় তাদের ধারালো ক্ষুরের আঘাতে ছাত্রলীগের ছয় নেতাকর্মী আহত হয়েছেন।

মিছিলে অংশগ্রহণকারী ইমরান নামে এক সমর্থক বলেন, নৌকার সমর্থনে শান্তিপূর্ণ মিছিল করছিলাম। মিছিলটি পাটোয়ারী বাড়ি এলাকা থেকে সওদাগর বাড়ির সামনে এলে অতর্কিত ককটেল বিস্ফোরণ শুরু হয়। এসময় ঘটনাস্থলে অনেকেই আহত হয়।

হাসপাতালে চিকিৎসাধীন আহত অপু বলেন, আমরা মিছিল নিয়ে সামনে অগ্রসর হলে হঠাৎই বিকট শব্দ শোনা যায়। এতে আমিসহ অনেকেই ছোটাছুটি শুরু করি। এসময় আত্মরক্ষার জন্য একটি বাড়িতে আশ্রয় নিয়েছিলাম, সেখানেও হামলা চালানো হয়েছে।

আহতদের ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি।

ফেনী পৌরসভার ১৮নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুর রহমান সাইফু বলেন, শান্তিপূর্ণ আনন্দ মিছিলে বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালিয়েছে। তারা প্রকাশ্যে মিছিলে ককটেল নিক্ষেপ করেছে। এ ঘটনায় আহতদের একজন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।

এ ব্যাপারে ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, বিকেলের দিকে রামপুরে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা একটি মিছিল থেকে স্থানীয়দের গালাগালি করতে থাকে। তখন এলাকার স্থানীয়রা প্রতিবাদ করলে কিছুটা সমস্যা হয়েছে বলে শুনেছি। এখানে বিএনপি বা অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের জড়িয়ে মিথ্যাচার করা একদম অযৌক্তিক। এটি রাজনৈতিক কোনো বিষয় নয়।

ফেনী মডেল থানার ওসি শহিদুল ইসলাম চৌধুরী জানান, রামপুরে হামলার বিষয়ে মঙ্গলবার রাতে থানায় মামলা করা হয়েছে।

ফেনী পুলিশ সুপার জাকির হাসান বলেন, মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত