এটা নির্বাচন নয়, প্রতারণা ও জনগণের সঙ্গে তামাশা: রিজভী

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১২:২১ পিএম

ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনকে সফল করার আহবান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। অসহযোগ আন্দোলনের পক্ষে জনমত তৈরি করতে রাজধানীর এলিফ্যান্ট রোড ও বেইলি রোড এলাকায় লিফলেট বিতরণ শেষে তিনি এ আহ্বান জানান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা গতকাল সিলেটে যে বক্তব্য দিয়েছেন তার তীব্র সমালোচনা করে রিজভী আহমেদ বলেন, তিনি যে ভাষায় কথা বলেছেন তা হলো সন্ত্রাসীরাদের ভাষা। তিনি বলেন, আপনার এত সাহস থাকলে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেন না কেন? কারণ জনগণ ভোট দেওয়ার সুযোগ পেলে আপনাদের প্রার্থীদের জামানত থাকবে না।

তিনি আরও বলেন, রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে ডামি নির্বাচন, নিজেরা নিজেরা নির্বাচন আয়োজন নিয়ে বাহাদুরি করার কিছু নেই। জনগণ এধরনের একতরফা নির্বাচনকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।

রিজভী বলেন, অবৈধ সরকার সরকার একটি একতরফা নির্বাচন করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করছে। কিন্তু এই নির্বাচন দেশে-বিদেশে কারো কাছে গ্রহণযোগ্য হবে না। এটা কোনো নির্বাচন নয়। এটা একটা প্রতারণা ও জনগণের সঙ্গে তামাশা করা। এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে, তারা চিরকালের জন্য মীরজাফর এবং দালালে পরিণত হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকার পতনের একদফা দাবিতে ভোট বর্জনের আহ্বানের পাশাপাশি অসহযোগ আন্দোলনের যে ডাক দিয়েছেন, দেশবাসীকে সব ধরনের ভ্যাট-ট্যাক্স, ইউটিলিটি বিল প্রদান স্থগিত ও মামলার হাজিরা না দিয়ে সরকারকে অসহযোগিতার যে আহ্বান জানিয়েছেন তা সফল করার জন্য দেশবাসীকে আহ্বান জানান রিজভী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত