সুপার লিগের পক্ষের আদালতের রায়, নতুন ফরম্যাটের প্রস্তাব

আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ০৬:৪১ পিএম

ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিসের এক যুগান্তকারী রায়ে বিতর্কিত সুপার লিগ পুনরুজ্জীবিত হওয়ার নতুন আশা জাগিয়ে তুলেছে।

২০২১ সালে ইউরোপিয়ান সুপার লিগ চালুর উদ্যোগ বন্ধ করে এবং জড়িত ক্লাবগুলিকে নিষিদ্ধ করে উয়েফা এবং ফিফা প্রতিযোগিতা আইনের বিরুদ্ধে কাজ করেছে কিনা তা নিয়ে বিতর্ক করছিল ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ আদালত ইউসিজে। সকালে ন্যায়বিচার আদালত রায়ে বলেছে, ‘যেকোনো আন্তঃক্লাব ফুটবল প্রকল্প, যেমন—সুপার লিগ অনুমতি সাপেক্ষে এগিয়ে যেতে পারে। ফিফা ও উয়েফা সেই প্রতিযোগিতায় কোনো ক্লাব ও খেলোয়াড় অংশ নিলে নিষিদ্ধের যে নিয়ম তৈরি করেছে, তা বেআইনি। এর মাধ্যমে ফুটবলের বাজারে প্রভাবশালী অবস্থানের অপব্যবহার করা হয়েছে।’ যদিও আদালত বলেছে, তার মানে এই নয় যে সুপার লিগ প্রকল্পের মতো প্রতিযোগিতাকে অবশ্যই অনুমোদন দিতে হবে।

যদিও রায়ের পর সুপার লিগ প্রকল্পের প্রচারকারী কোম্পানি এ২২ স্পোর্টস ম্যানেজমেন্ট নিজেদের বিজয়ী দাবি করেছে। কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বার্নড রাইচার্ট সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, ‘এ প্রতিদ্বন্দ্বিতায় আমরা জিতেছি। আমাদের অধিকার আদায় করতে পেরেছি। উয়েফার একচেটিয়া আধিপত্য শেষ। ফুটবল এখন স্বাধীন।’

রায়ের পর প্রথম উদ্যোগের ফরম্যাট থেকে সরে এসে সুপার লিগের জন্য ভিন্ন একটা প্রস্তাবনা তুলে ধরেছে তারা। ২০২১ সালে প্রস্তাবিত ফরম্যাটে তারা ১২টি বড় ক্লাবকে স্থায়ী সদস্য করেছিল, যারা প্রতিবছরই খেলবে। এই ক্লাবগুলো ছিল আর্সেনাল, চেলসি, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম, এসি মিলান, ইন্টার মিলান, জুভেন্টাস, অ্যাটলেটিকো মাদ্রিদ, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এই প্রস্তাবের পরপরই ফুটবল সম্প্রদায়ের তাৎক্ষণিক, ক্রমাগত প্রতিবাদের কারণে জড়িত ক্লাবগুলি সরে গেলে পরিকল্পনাটি ভেস্তে যায়। যদিও জুভেন্টাস, বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ লেগেছিল এই সুপার লিগ আয়োজনে। 

ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিসের রায়ের পর কিছুক্ষণ আগে নতুন এক প্রস্তাব করেছে এ২২। এই ফরম্যাটে স্থায়ী কোনো সদস্য থাকছে না। গোল্ড, স্টার ও ব্লু- তিনটি স্তরে ৬৪টি দল অংশ নেবে। প্রথম দুই স্তর- স্টার ও গোল্ডে ১৬টি করে দল দুই গ্রুপে ভাগ হয়ে হোম অ্যান্ড অ্যাওয়েতে ৭+৭ মোট ১৪টি ম্যাচ খেলবে। এরপর একটি নকআউট প্রতিযোগিতার মাধ্যমে নির্ধারিত হবে কোন দল শিরোপা জিতবে, কোন দল উচ্চতর লিগে উঠবে। ঘরোয়া লিগের পারফরম্যান্সের ভিত্তিতে তৃতীয় স্তর ব্লু লিগে ৩২ দল উঠে আসবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত