শীতসবজিতে ভরা বাজারেও সপ্তাহের ব্যবধানে বেড়েছে দাম। বেড়েছে মুরগির ডিমের দামও। আজ শুক্রবার রাজধানীর বৃহত্তর মিরপুর, আগারগাঁও, কারওয়ান বাজার ও মোহাম্মদপুরের একাধিক পাইকারি ও খুচরা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
খুচরা ও পাইকারি বাজার ঘুরে দেখা গেছে, গত সপ্তাহের তুলনায় অধিকাংশ সবজির দাম বেড়েছে কেজিতে ১০ থেকে ২০ টাকা। গত সপ্তাহে শীতসবজি শিম, ফুলকপি, বাঁধাকপি, শালগম, মুলা ৪০ থেকে ৫০ টাকার মধ্যে বিক্রি হলেও এখন সে তুলনায় ১০ টাকা বেশি দামে কিনতে হচ্ছে।
এছাড়া গোল বেগুন বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭০ থেকে ৮০ টাকায়। বেশি চড়েছে লাউয়ের দাম, প্রতিটি কিনতে খরচ করতে হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা, যা গত সপ্তাহে কেনা গেছে ৭০ থেকে ৮০ টাকায়। এছাড়া গত এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ২০ টাকার মতো বেড়ে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৬০ টাকায়।
পেঁয়াজের দামে সুখবর নেই। দেশি পেঁয়াজের সরবরাহ বাড়লেও গত সপ্তাহের চেয়ে কেজিতে ১০ টাকা বেড়ে কেজি বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা। আর ভারতীয় পেঁয়াজ ১৪০ থেকে ১৫০ টাকা। আর দেশি পুরনো পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০০ টাকার বেশি।
১৭০-১৭৫ টাকা কেজির ব্রয়লার মুরগি ২০০ টাকায় ঠেকেছে। একইভাবে বেড়েছে সোনালি মুরগির দাম। আগে এ জাতের মুরগির কেজি ছিল ২৮০ থেকে ২৯০ টাকায়। দাম বেড়ে এখন বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়। গত সপ্তাহে ফার্মের মুরগির ডিমের দাম ছিল ১৩০ টাকার ডজন। এ সপ্তাহে বিক্রি হচ্ছে ১৪০ টাকায়।
রাজধানীতে প্রতিকেজি গরুর মাংসের কেজি ৬৫০ টাকা নির্ধারণ করেও কোথাও কোথাও ব্যবসায়ীদের ৭০০ টাকা দরে বিক্রি করতে দেখা গেছে। তবে সপ্তাহের ব্যবধানে খুব বেশি হেরফের হয়নি মাছের দাম।
