বাংলাদেশ প্রিমিয়ার লিগ

আবাহনীর হোঁচট, শেষ মুহূর্তের গোলে জয় মোহামেডানের

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০৫:৪৯ পিএম

মাঠে গড়িয়েছে দেশের ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। প্রথম দিনেই মাঠে নেমেছে ছয়টি দল। বিপিএলের প্রথম ম্যাচে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে মুখোমুখো হয় মোহামেডান ও ফরটিস এফসি লিমিটেড।

আর এবারের আসরে জালের ঠিকানা খুঁজে নেওয়া প্রথম ফুটবলার হলেন মোহামেডানের শাহরিয়ার ইমন। ম্যাচের ১৩ মিনিটে মোজাফফরভের ফ্রিকিক থেকে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান ইমন। শুরুর ওই গোল নিয়েই বিরতিতে যেতে পারেনি মোহামেডান। ৪৩ মিনিটে গাম্বিয়ার ওমর সারের গোলে সমতায় ফেরে ফরটিস। ফয়সাল আকাশের অ্যাসিস্ট থেকে স্কোর করেন ওমর।

দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণের প্রদর্শনীর মাঝে গোলের দেখা পায়নি কোনো দল। একেবারে শেষ সময়ে মুরাদের থ্রো থেকে হেড দিয়ে মোহামেডানের নাইজেরিয়ান ডিফেন্ডার অ্যান্থনি আগবাজির গোলে কাঙ্খিত জয় পায় ফেডারেশন কাপের রানারস্ আপ দলটি।

অন্য ম্যাচগুলোতে গোপালগঞ্জে রহমতগঞ্জের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আবাহনী। তবে ময়মনসিংহে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে বাংলাদেশ পুলিশ।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে ২৬ মিনিটে জোনাথন ফার্নান্দেজের গোলে লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে আবাহনী। তবে বিপদ ঘটে দ্বিতীয়ার্ধে। ৬৬ মিনিটে রহমতগঞ্জকে ম্যাচে ফেরান আর্নেস্ট বোটেঙ্গ।

তার ওই সমতাসূচক গোলের পর আবাহনীকেও আর কোনো গোল করতে দেয়নি ক্লাবটি। বিপিএলের প্রথম ম্যাচেই আবাহনীর মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বির কাছ থেকে পয়েন্ট আদায় করে নেয় রহমতগঞ্জ।

ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে জয় ও পূর্ণ পয়েন্ট নিয়ে আসর শুরু করেছে বাংলাদেশ পুলিশ। জোড়া গোল ব্যবধানে তারা হারিয়েছে চট্টগ্রাম আবাহনীকে।

২২ মিনিট ও ৪৩ মিনিটে এদিস গার্সিয়া জোড়া গোল করেন পুলিশের হয়ে। প্রথমার্ধের ওই দুই গোলেই জয় নিশ্চিত হয় দলটির।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত