সাকিব বললেন ‘আমি মঞ্চের নয় মাঠের মানুষ, আপনাদের সঙ্গে মাঠেই থাকতে চাই’

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ০৭:২০ পিএম

মাগুরা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেছেন, ‘আগামী ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে আপনারা আমাকে শতভাগ ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমি মাগুরার উন্নয়নে নিজেকে উৎসর্গ করতে চাই।

তিনি এসময় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের কাছে ভোট চাইলে সকলে হাত তুলে তাকে ভোট দেওয়ার অঙ্গীকার করেন।

আজ শুক্রবার (২২ ডিসেম্বর) দুপুরে শ্রীপুর উপজেলার নাকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় এসব কথা বলেন।

ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনী পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সহ সভাপতি মুন্সি রেজাউল হক, অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পঙ্কজ সাহা, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমাউনুর রশিদ মুহিত প্রমুখ।

সাকিব বলেন, আমি মঞ্চের লোক না, মাঠের মানুষ। আগামীতে আপনাদের সাথে মাঠেই থাকতে চাই। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়ে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিয়েছেন।

এর আগে নতুন বাজার, সাহাপাড়া, দোয়ারপাড়, মিশনারী পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ করেন সাকিব। এ সময় স্থানীয়রা তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় সাকিব লিফলেট বিতরণ ও আগামী ৭ তারিখে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

সকালে শহরের নোমানী ময়দানে এক প্রীতি ক্রিকেট খেলায় অংশ নেন। এই নোমানী ময়দান মাঠে তার ক্রিকেটের হাতেখড়ি। তার সঙ্গে যে সকল খেলোয়াড়রা খেলাধুলা করতো তারাও এ সময় খেলায় অংশ নেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত