৫ জোড়া ট্রেন চলাচল বন্ধ

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ০৪:৩৭ এএম

চলমান হরতাল-অবরোধে নাশকতা এড়াতে ৫ জোড়া ট্রেনের চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। রাত্রিকালীন চলাচল ঝুঁকিপূর্ণ মনে করায় এসব ট্রেন বন্ধ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে কমলাপুর রেলস্টেশনে সাংবাদিকদের এ কথা জানান ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার শফিকুর রহমান।

বন্ধ করা ট্রেনগুলো হচ্ছে ঢাকা থেকে নারায়ণগঞ্জ, ময়মনসিংহ থেকে ভূঞাপুর, জামালপুর থেকে সরিষাবাড়ী, উত্তরা এক্সপ্রেস ও ঈশ^রদী থেকে রহনপুরগামী লোকাল ট্রেন।

রেলওয়ে ম্যানেজার শফিকুর রহমান বলেন, ‘সারা দেশে রেলের নিরাপত্তায় ২ হাজার ৭০০ আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। বিভিন্ন জেলা কমান্ড্যান্টরা জেলায় জেলায় আনসার মোতায়েন করেছেন। নাশকতার ধরন যেহেতু পরিবর্তন হয়েছে, সে জন্য রেলওয়ে ২ হাজার ৭০০ আনসার সদস্য পেয়েছে। ইতিমধ্যে তাদের মোতায়েন করা হয়েছে।’

তিনি বলেন, ‘রাজনৈতিক কর্মসূচিতে নাশকতার ফলে আমরা ট্র্যাক পেট্রোলিং করছি। সেই সঙ্গে রেলওয়ে নিরাপত্তা বাহিনী তাদের স্থাপনাগুলো দেখছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় প্রশাসনের সহায়তায় নিরাপত্তার বিষয়টি দেখছে রেলওয়ে পুলিশ।’

রেলের এই কর্মকর্তা বলেন, এর আগে ২০১৪ সালে আনসার বাহিনীর মাধ্যমে ট্র্যাক পেট্রোলিং করা হয়েছিল। এ জন্য এ বছরও রেলের রক্ষণাবেক্ষণের জন্য আনসার মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গত দেড় মাসে রেলপথের ১২টি স্থানে এবং ৫টি ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া ৩টি স্থানে রেললাইন কাটা এবং ফিশপ্লেটের ক্লিপ খুলে নেওয়া হয়েছে। রেলওয়ে পুলিশের ৬টি অঞ্চলের মধ্যে নাশকতার ঘটনা সবচেয়ে বেশি ঢাকা অঞ্চলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত