নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম আজাদ সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। হামলায় ঈগল প্রতীকের দুই সমর্থক আহত হয়েছেন।
শনিবার (২৩ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মাঝগ্রামে এলাকায় এঘটনা ঘটে। আহতরা হলেন, একই এলাকার লিমন হোসেন আশিক ও আজিম।
আহত লিমন হোসেন আশিক জানান, গত শুক্রবার রাত মাঝগ্রাম আসলাম মোড়ে নৌকা প্রার্থী শহিদুল ইসলাম বকুলের সমর্থক খুদরত ই খুদা পনির নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদের সমর্থক মুসা আলীকে মারধর করে। এ বিষয়ে শনিবার সকালে লালপুর উপজেলা নির্বাহী ও সহকারি রিটার্নিং কর্মকর্তা শারমিন আখতারকে লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীরা। এতে খুদরত ই খুদা পনির ক্ষিপ্ত হয়ে আশিককে মারধর করে। তাকে বাঁচাতে এগিয়ে আসলে তার চাচাতো ভাই রাজিমকেও মারধর করা হয়।
হামলার বিষয়টি অস্বীকার করে কুদরত ই খুদা পনির বলেন, কাউকে মারধর করা হয়নি। ঘটনার সময় আমি কাশেমপুর বাজারে নৌকার প্রচারণায় ব্যস্ত ছিলাম। শুনেছি দৌড়াতে গিয়ে পড়ে গিয়ে আশিক আহত হয়েছেন।
এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয়ে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
