বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি দমনে বিশেষ আদালত গঠন করে দ্রুত বিচারের ব্যবস্থা করা, পাচার হওয়া অর্থ ফেরত আনা, ঋণ খেলাপি রোধ এবং শোষণমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের আকরাম খাঁ মিলনায়তনে এ ইশতেহার ঘোষণা করেন দলটির পলিটব্যুরো সদস্য নুর আহমদ বকুল।
ওয়ার্কার্স পার্টির ২৮ দফা ইশতেহারে আইএলও কনভেনশন অনুযায়ী শ্রম আইন সংশোধন, স্থায়ী মজুরি কমিশন গঠন এবং শ্রমিক-কৃষক ও দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
দলটির পলিটব্যুরো সদস্য কামরুল আহসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্টির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও পলিটব্যুরো সদস্য মাহমুদুল হাসান মানিক, আনিসুর রহমান মল্লিক, আলী আহমেদ, এনামুল হক এমরান, কেন্দ্রীয় কমিটির সদস্য তপন দত্ত ও ইশতেহার রচনা কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির নেতা শরীফ শমসির।
নূর আহমেদ বকুল বলেন, ওয়ার্কার্স পার্টির নিজস্ব প্রতীক হাতুড়ি মার্কায় ২৩ জন ও জোটের হয়ে দুজন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করছেন। সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই। ২৮ দফা নির্বাচনী ইশতেহারে ১৪৪টি উপধারায় আর্থ-সামাজিক সব দিক তুলে ধরা হয়েছে।
