হন্ডুরাসে ফ্রান্সিসকো রামিরেজ (৩৯) নামে এক টেলিভিশন সাংবাদিককে গুলি চালিয়ে হত্যা করা হয়েছে। এর আগে গত মে মাসেও হামলার শিকার হয়েছিলেন তিনি। তবে সে সময় পুলিশ তাকে রক্ষা করে। ফ্রান্সিসকো ড্যানলিতে পাবলিক প্রসিকিউটর অফিস ও চ্যানেল ২৪ টেলিভিশনে কাজ করতেন।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে ফ্রান্সিসকোকে গুলি করা হয়। পুলিশ কমিশনার লিসান্দ্রো গার্সিয়া জানিয়েছেন, বেশ কয়েকটি গাড়িতে এসে ফ্রান্সিসকোকে অপহরণ করা হয় এবং গুলি চালায়। এ সময় এক পুলিশ কর্মকর্তাও আহত হয়েছেন।
পুলিশ কমিশনার মনে করছেন, ব্যক্তিগত প্রতিহিংসা থেকেই ফ্রান্সিসকোকে হত্যা করা হয়। যদিও দেশটির মতপ্রকাশের স্বাধীনতা কমিটির পরিচালক আমাদা পনস বলেছেন, কারাগারের ভেতর থেকে এই হত্যার আদেশ এসেছে। ফ্রান্সিসকোর খবর ও তদন্তের কারণে অনেককে কারাগারে যেতে হয়েছিল।
ফ্রান্সিসকো ২০২৩ সালে হন্ডুরাসে নিহত হওয়া দ্বিতীয় সাংবাদিক। ২০০১ সাল থেকে এ পর্যন্ত দেশটিতে প্রায় ১০০ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। এসব হত্যাকাণ্ডের সঙ্গে মাদক পাচারকারী দুর্বৃত্তরা জড়িত।
