প্রধানমন্ত্রীকে নিয়ে বিষোদগার, ইউপি চেয়ারম্যানের ভিডিও ভাইরাল

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ০৮:০৪ পিএম

শেখ হাসিনাকে নিয়ে বিষোদগার করা ইউপি চেয়ারম্যানের একটি ভিডিও ভাইরাল হয়েছে। দাউদকান্দি উপজেলার মারুকা ইউপি চেয়ারম্যান এ এস এম শাজাহান ভুইয়ার ভাইরাল হওয়া ৪৫ সেকেন্ডের ভিডিওতে তিনি বলেন, ভুয়া শেখ হাসিনা! জামানত বাজেয়াপ্ত করাতে হবে নৌকার। হেরে বানাইছে কে? শেখ হাসিনা বুঝে না এজন্য। আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা, সে বুঝে না, বুঝে না। এই নেত্রীকে পস্তাইতে হইব। মাইনে, আপনার আব্বার রাজনীতিটা করতাছি তো, এই জন্য আমার দায়িত্ব হইল কি করা, এটা আমি করতাছি। জামানত বাজেয়াপ্ত করামু আমার ইউনিয়নে, নৌকারে নৌকারে। আমার ইউনিয়নে যদি সম্মানজনকভাবে ঠকতে হয় তাহলে সে এখন ভালো আচরণ করতে হবে (নৌকার প্রার্থী), তবে জেতানো যাইত না, জিতবে না।...

গত শনিবার সকালে উপজেলার ভরনপারা গ্রামে নিজ ঘরে বসে চেয়ারম্যান এমন মন্তব্য করেন।

দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার বলেন, ওই ইউপি চেয়ারম্যান শাহজাহানের এমন মন্তব্য সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে, আমি তা শুনেছি। তার এমন কটূক্তিপূর্ণ মন্তব্য অশালীন।

এদিকে নিজ কার্যালয়ে বসে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন সহকারী রিটার্নিং অফিসার ও দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরফাতুল আলম।

ইউপি চেয়ারম্যান এ এস এম শাহজাহান ফোনে একাধিকবার কল করলে বন্ধ পাওয়া যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত