বগুড়ায় বৈদ্যুতিক মিটার চুরি ও ফোনে চাঁদা আদায় চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। জেলার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী এলাকায় গতকাল সোমবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে এদিন সন্ধ্যায় নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলেন মনোয়ার হোসেন বাদল, ইউসুফ আলী, রবিউল ও সোহেল।
র্যাব জানায়, উপজেলার বানিয়াদীঘি এলাকার রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি দুপচাঁচিয়া থানায় একটি অভিযোগ করেন। তাতে বলা হয়, ওইদিন বিকেলে তার কাছে ফোনে ৫০ হাজার টাকা দাবি করে একটি চক্র। টাকা না দিলে তার পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার ও বৈদ্যুতিক মিটার চুরির ভয়ভীতি ও হুমকি দেয়। ইতিপূর্বেও আশপাশের এলাকায় বিভিন্ন লোকের বৈদ্যুতিক মিটার নিয়ে পরে টাকার বিনিময়ে ফেরত দিয়েছে।
র্যাব কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃতরা বৈদ্যুতিক মিটার চুরি করে চিরকুট লিখে রেখে টাকা দাবি করত। টাকা পেলে বৈদ্যুতিক মিটারের অবস্থান ভিকটিমকে বলে দিত।
