বক্সিং ডে টেস্টের শুরুতেই স্টিভ ওয়াহকে ডেভিড ওয়ার্নারের ছাড়িয়ে যাওয়া। উসমান খাজার জুতায় দুই মেয়ের নাম লিখে আসা। সবই আলোচিত ঘটনা। তবে এসবকে ছাপিয়ে প্রথম দিনের চা বিরতির সময়ই নামে বৃষ্টি। যা থামেনি যথা সময়ে, তাই খেলা হয়নি ৬৬ ওভারের বেশি।
প্রথম দিন শেষে ৩ উইকেটে ১৮৭ রান সংগ্রহ করেছে অস্ট্রেলিয়া।
পাকিস্তানি ফিল্ডার আবদুল্লাহ শফিক সহজ ক্যাচ ছেড়ে দেন শুরুতেই। জীবন পেয়ে আন্তর্জাতিক ক্রিকেটে রানের হিসেবে স্টিভ ওয়াহকে ছাড়িয়ে যেতে বেশি সময় নেননি তিনি। হাসান আলির করা ইনিংসের ১৬তম ওভারে ওয়ার্নারের ব্যাটের কানা ছুঁয়ে বাউন্ডারি হতেই ওয়াহকে ছাড়িয়ে যান অস্ট্রেলিয়া ওপেনার। প্রথম ইনিংসে আগা সালমানের বলে বাবর আজমের হাতে ক্যাচ দিয়ে ৩৮ এ আউট হওয়া ওয়ার্নারের এখন আন্তর্জাতিক ক্রিকেটে রান ১৮ হাজার ৫১৫। ৪৬০ ইনিংসে ৪৯ শতক ও ৯৩ অর্ধশতকে ওয়ার্নারের গড় ৪২.৫৬।
এছাড়া ফিলিস্তিনিদের সমর্থন দিয়ে বারবার আলোচনায় আসা উসমান খাজা আজও ঘটালেন আরেক ঘটনা। জুতায় তার দুই মেয়ে আলিশা ও আয়লার নাম লিখেছিলেন। মেলবোর্নে আজ ৪২ রান করে হাসান আলির বলে আউট হয়েছেন খাজা। উদ্বোধনী জুটিতে ডেভিড ওয়ার্নারের সঙ্গে ৯০ রানে জুটি গড়েন তিনি।
তারপর স্টিভ স্মিথ ৭৫ বলের একটি ইনিংস খেলেছেন বটে, তবে ২৬ রানের বেশি করতে পারেননি। আউট হয়েছেন আমের জামালের বলে।
দিন শেষে মার্নাস লাবুশেন ৪৪ ও ট্রাভিস হেড ৯ রানে অপরাজিত আছেন। পাকিস্তানের হয়ে হাসান, সালমান ও আমের একটি করে উইকেট শিকার করেছেন।
