অসুস্থ যুবদল নেতাকে ডাণ্ডাবেড়ি পরিয়েই আনা হলো হাসপাতালে

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ০৬:১৪ পিএম

অসুস্থ হওয়ার পরও হবিগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক জালাল আহমদকে (৪৫) ডাণ্ডাবেড়ি পরিয়ে হাসপাতালে পাঠিয়েছে কারা কর্তৃপক্ষ।

সোমবার বিকেলে তিনি হবিগঞ্জ কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারাগারেই ইসিজি করা হলে তার অসুস্থতা ধরা পড়ে। তাকে ডাণ্ডাবেড়ি পরিয়ে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আনে কয়েজজন কারাপুলিশ। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

সে সময় জালালের পা থেকে ডাণ্ডাবেড়ি খোলার জন্য তার স্বজনেরা অনুরোধ করলেও অপারগতা জানায় পুলিশ।

মঙ্গলবার হবিগঞ্জ সদর হাসপাতালে জরুরি বিভাগে খোঁজ নেওয়া হলে একজন ব্রাদার জানান, জালাল  হাইপারটেনশনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। যোগাযোগ করা হলে হবিগঞ্জ জেল সুপার মতিয়ার রহমান বলেন, জালাল অসুস্থ ছিলেন ঠিকই। তবে যেকোনো সময় তিনি সুস্থ হয়ে পালিয়ে যেতে পারেন এ ভয়ে ডাণ্ডাবেড়ি লাগানো হয়।

বিএনপির সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, একজন অসুস্থ  রাজনৈতিক নেতাকে এভাবে ডাণ্ডাবেড়ি পরিয়ে হাসপাতালে আনা সকল রাজনীতিবিদের জন্য অপমানজনক।

জালালের আইনজীবী আফজাল আহমদ সাংবাদিকদের জানান, প্রায় তিন মাস আগে নবীগঞ্জ উপজেলার একটি পুরনো মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। ২৮ অক্টোবর আদালত তাকে জামিন দেন। ওই দিনই গোয়েন্দা পুলিশ চুনারুঘাট উপজেলায় পুলিশ অ্যাসল্ট মামলায় জেলগেট থেকে তাকে ফের গ্রেপ্তার করে। পরদিন আদালতে সোপর্দ করা হয়। যদিও তিনি ওই মামলার এজহারভুক্ত আসামি নন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত