শিক্ষকদের ডেকে নৌকা প্রতীকের ভোট চাওয়ার অভিযোগ অস্বীকার করে শোকজ নোটিশের জবাব দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিক ও তার ভাই কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা।
আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় মাহবুব উল আলম হানিফ তার প্রতিনিধি রাষ্ট্রপক্ষের কৌসুলি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দীর মাধ্যমে দাখিলকৃত লিখিত জবাবে অভিযোগ অস্বীকার করেছেন। তবে হানিফের ভাই আতাউর রহমান আতা সশরীরে হাজির হয়ে তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে লিখিত জবাব দাখিল করেন।
গত ২৪ ডিসেম্বর সংশ্লিষ্ট আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটি প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক মুহাম্মদ মাযহারুল ইসলাম স্বাক্ষরিত ও প্রেরিত শোকজ নোটিশের লিখিত জবাব দাখিলের নির্দেশ দেয়া হয় তাদেরকে।
এ বিষয়ে জানতে চাইলে আতাউর রহমান আতা মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি সাড়া দেননি।
মাহবুব উল আলম হানিফের প্রতিনিধি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দীর জানান, ‘আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে করা নোটিশের জবাব দিয়েছি অনুসন্ধান কমিটির কাছে এবং বিষয়টি নিষ্পত্তিও হয়ে গেছে।’
