লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের ওপর হামলা, ভাঙচুর, এজেন্টদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া ও এলাকা ছাড়াড় হুমকির অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়নের বিরুদ্ধে। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী কাজী সেলিনা ইসলাম এসব অভিযোগ করেছেন।
তিনি সংবাদ সম্মেলনে বলেন, আওয়ামী লীগের প্রার্থী নুরউদ্দিন চৌধুরীর নির্দেশে ছাত্রলীগের নেতাকর্মীরা আমার কয়েকজন কর্মীকে তুলে নিয়ে যায়। তারা তাদের আটকে রাখে। এ সময় তাদের স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোট না করার জন্য হুমকি দেওয়া হয়। এছাড়া আমার প্রচার মাইক ভাঙচুর ও নির্বাচনী কার্যালয় দখল করেন নৌকা প্রার্থীর সমর্থকরা। এজন্য আমার কমী-সমর্থকদের মাঝে ভীতি দেখা দিয়েছে। নির্বাচনী পরিবেশ সুষ্ঠ রাখতে নির্বাচন কমিশনের নিকট দাবী জানান তিনি।
তিনি আরও বলেন, যতই হুমকি দেওয়া হোক নির্বাচনী মাঠ ছেড়ে যাবো না। মাঠে আছি এবং থাকবো। এলাকার জনগন আমার সাথে আছে।
অভিযোগ অস্বীকার করে লক্ষ্মীপুর-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন বলেন, সকল প্রার্থী শান্তিপূর্ণভাবে প্রচার-প্রচারনণা চালিয়ে যাচ্ছে। স্বতন্ত্র প্রার্থীর কোন লোকজনকে ধরে আনা হয়না। প্রচার মাইক ভাঙচুর,এজেন্টদের বাড়িঘর চালিয়ে দেয়াসহ সকল অভিযোগ ভিত্তিহীন বলে দাবী করেন তিনি।
