মাদক সেবনে বাধা হওয়ায় কৃষককে গলা কেটে হত্যা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৩ পিএম

ঢাকার নবাবগঞ্জে কৃষককে গলা গেটে হত্যার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মাদক সেবনে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় মো. হাশিম (৬৫) নামে ওই কৃষককে হত্যা করা হয় বলে জানিয়েছে তদন্ত সংস্থাটি।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর ধানমন্ডিতে পিবিআইয়ের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পিবিআই ঢাকা জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা। 

এর আগে ১২ ডিসেম্বর ঢাকা ও নবাবগঞ্জে অভিযান পরিচালনা করে মো. কামাল (৩৬) ও ১৪ ডিসেম্বর মো. জাহাঙ্গীর আলমকে (৪৫) গ্রেপ্তার করে পিবিআই ঢাকা জেলার একটি দল। এর আগে গ্রেপ্তার হয় মেছের আলী (৪২), মো. নাছির উদ্দিন ওরফে নসু (৪৬), মো. পিন্টু চৌধুরী (৩০) ও মোজলেম (৫৫)। এছাড়াও এ ঘটনায় সোহেল নামে একজন আসামি পলাতক রয়েছেন। 

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা বলেন, নবাবগঞ্জের মাতাবপুরে কৃষক হাশিম বাড়ির কাছে একটি জমিতে ঘাস ও সবজি চাষ করেন। ১৬ এপ্রিল রাতে বাড়ি থেকে জমিতে যান তার চাষ করা ঘাস ও সবজি পাহারা দিতে। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরেরদিন সকালে তার গলাকাটা ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করে থানা পুলিশ।

কুদরত-ই-খুদা বলেন, আমরা তদন্ত করে জানতে পারি গত ১৬ এপ্রিল রাতে জমি পাহারা দিচ্ছিলেন হাশিম। ওই রাতে মো. কামাল, মেছের আলী, মো. জাহাঙ্গীর আলম, মো. নাছির উদ্দিন ওরফে নসু, মো. পিন্টু চৌধুরী, মোজলেম ও সোহেল ওই জমি সংলগ্ন মাঠে গাঁজা সেবন ও জুয়া খেলছিলেন। আসামিরা সেখানকার একটি স্কুল ভবনে মাদক সেবন, মাদক কেনা-বেচা, বিভিন্ন ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ আদায়, চাঁদা আদায়, বিভিন্ন এলাকায় ডাকাতির পরিকল্পনা এবং পার্শ্ববর্তী নদীতে চলমান ট্রলার ও কার্গো থেকে চাঁদা আদায়সহ এলাকায় আধিপত্য বিস্তার ইত্যাদি অপরাধ সংগঠনের পরিকল্পনা স্থল হিসেবে ব্যবহার করতেন।

ঘটনার দিনে আসামিরা স্কুল মাঠে জুয়া খেলা, মাদক সেবন ও মাদক কেনা-বেচা করছিল। কিন্তু হাশিম জমি পাহারা দেওয়ায় আসামিদের এসব কাজ করতে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল। তখন তারা হাশিমকে জমি থেকে চলে যাওয়ার জন্য বলে। কিন্তু তাদের কথামতো চলে না যাওয়ায় আসামিদের সঙ্গে হাশিমের তর্কাতর্কি হয়। এর একপর্যায়ে নসু ও জাহাঙ্গীর বাকি আসামিদের সহযোগিতায় ঘাস কাটার কাঁচি দিয়ে ভিকটিম হাশিমকে গলা কেটে হত্যা করে। হাশিমকে হত্যার পর আসামিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত