দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে পুলিশ বাহিনীর পাশে থাকার অঙ্গীকার করেছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা। বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ টি আহমেদুল হক চৌধুরী এবং মহাসচিব মিয়া লুৎফর রহমান চৌধুরী যৌথ বিবৃতিতে এ অঙ্গীকার ব্যক্ত করেছেন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি (বিআরপিওডব্লিউএ) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সামনের দিনগুলোতে নির্বাচন বিরোধীদের ধ্বংসাত্মক কর্মকাণ্ড এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের কর্মী-সমর্থকদের সঙ্গে সংঘর্ষজনিত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দক্ষতা, সাহস, বুদ্ধিমত্তা, কৌশল ও দৃঢ়তা ঐতিহ্যবাহী বাংলাদেশ পুলিশ বাহিনীর রয়েছে।
বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি মনে করে যে, পুলিশ বাহিনীর প্রতিটি সদস্য জাতির এ ক্রান্তিকালে সকল প্রকার ভয়-ভীতি ও প্রলোভনের ঊর্ধ্বে থেকে তাদের ওপর অর্পিত দায়িত্ব সম্পূর্ণ নিরপেক্ষভাবে পালন করতে দৃঢ়প্রতিজ্ঞ। এছাড়া আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পূর্ব, নির্বাচন চলাকালীন এবং নির্বাচনোত্তর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশ বাহিনী প্রস্তুত আছে।
