চাঁদপুর জেলা আ. লীগের সভাপতি-সম্পাদক কোথায় প্রশ্ন শেখ হাসিনার

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১০:৩১ পিএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চাঁদপুর আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও প্রার্থী ও ভোটারদের ভার্চুয়াল নির্বাচনী জনসভা হয়েছে। তবে এই জনসভায় উপস্থিত ছিলেন না চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল।

তাদের অনুপস্থিতিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বেশ কয়েকবার জানতে চান, 'চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক কোথায়'? তখন জনসভায় উপস্থিত আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও চাদঁপুর ২ আসনে নৌকার প্রার্থী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, 'তারা এখনো আসেননি'। তখন শেখ হাসিনাকে পাশে বসা দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে কথা বলতে দেখা যায়।

আজ বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর হাসান আলী সরকারি হাই স্কুল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় চাঁদপুর ১ (কচুয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া ড. সেলিম মাহমুদ, চাদঁপুর ২ (মতলব উওর-দক্ষিণ) মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া (বীর বিক্রম), চাঁদপুর ৩ ( চাঁদপুর সদর-হাইমচর) ডা. দীপু মনি, চাদঁপুর ৪ (ফরিদগঞ্জ) মুহাম্মদ শফিকুর রহমান, চাঁদপুর ৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তমকে পরিচয় করিয়ে দেয়ার পাশাপাশি তাদেরকে ভোট দিতে জনগণকে অনুরোধ জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শেখ হাসিনা বলেন, উন্নয়নশীল দেশের মর্যাদা ধরে রাখতে হলে একমাত্র নৌকাকে ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করতে হবে। আওয়ামী লীগ যাতে আবারও দেশের সেবা করতে পারে সেই সুযোগ করে দিতে হবে। চাঁদপুরবাসীর কাছে আমার এই আহ্বান।

তিনি বলেন, জাতির পিতা আমাদেরকে দেশ স্বাধীন করে দিয়ে গেছেন। আমরা আজকে দেশের উন্নয়ন করেছি। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। তাই আমি বলবো-নৌকা মার্কায় ভোট দিন, উন্নয়নের যে গতি সেটি ধরে রাখুন এবং দেশকে এগিয়ে নিয়ে যান।

এই সভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীসহ জেলা ও ৮ উপজেলা আওয়ামী লীগের অধিকাংশ নেতা সভায় উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত