যুদ্ধবিধ্বস্ত গাজায় ফিলিস্তিনিদের দুর্দশায় সংহতি জানিয়ে নববর্ষ উদযাপন করবে না পাকিস্তান। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নববর্ষ উদযাপনে নিষেধাজ্ঞার কথা ঘোষণা করেন।
প্রধানমন্ত্রী কাকার বলেন, ফিলিস্তিনের গুরুতর উদ্বেগজনক পরিস্থিতির কথা মাথায় রেখে এবং ফিলিস্তিনি ভাই-বোনদের সঙ্গে সংহতি প্রকাশের জন্য পাকিস্তানের সরকার নববর্ষ উপলক্ষে সব ধরনের অনুষ্ঠান আয়োজনে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ সময় তিনি নাগরিকদের ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রদর্শন এবং নববর্ষে সংযম ও নম্রতা প্রদর্শনের জন্য আহ্বান জানান।
কাকার আরও বলেন, গাজা ও পশ্চিম তীরে নিরপরাধ শিশুদের গণহত্যা এবং নিরস্ত্র ফিলিস্তিনিদের গণহত্যার জন্য পাকিস্তানিরা এবং পুরো মুসলিম বিশ্ব অত্যন্ত ব্যথিত।
এর আগে মঙ্গলবার ফিলিস্তিনিদের দুর্দশায় সংহতি জানিয়ে নববর্ষ উদযাপন না করার কথা জানায় সংযুক্ত আরব আমিরাতের শারজাহ। শহরটির কর্তৃপক্ষ বলছে, ফিলিস্তিনিদের দুর্দশায় সংহতি জানাতে নববর্ষের সন্ধ্যায় কোনো ধরনের আতশবাজি কিংবা উদযাপন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গাজার প্রতি সংহতি, নববর্ষ উদযাপন করবে না শারজাহ