বাংলাদেশ প্রিমিয়ার লিগ

শেষ মুহূর্তের নাটকীয় গোলে রহমতগঞ্জের ড্র

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৭:০৯ পিএম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে শেষ মুহূর্তের নাটকীয় গোলে নিশ্চিত হার বাঁচিয়েছে রহতমগঞ্জ। মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ম্যাচে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে ক্লাবটি। 

ম্যাচের শুরু দিকে ব্রাদার্সের রক্ষণে আক্রমণ করার জন্য ক্ষেত্র প্রস্তুত করছিল রহমতগঞ্জ। একটি ভুল পাসে বল চলে আসে ব্রাদার্সের দখলে। মাঝমাঠ থেকে ওতাবেকের বাড়িয়ে দেয়া চিপ থেকে বল পেয়ে বক্সে ঢুকে পড়েন মহসীন । সেখানে শট নেয়ার জন্য বলকে সুবিধাজনক অবস্থায় আনতে গেলে রহমতগঞ্জের ডিফেন্ডারের হাতে লেগে যায়। ওই পেনাল্টি থেকে স্কোর করে দলকে এগিয়ে দেন ব্রাদার্সের উজবেক অধিনায়ক ওতাবেক ভালিজানভ।

২৫ মিনিটে রহমতগঞ্জকে খেলায় ফেরান ঘানার ফরোয়ার্ড আরনেস্ট বোয়েতেং। বাম প্রান্ত থেকে উঠিয়ে দেয়া বল হেড করলেও ঠেকিয়ে দিয়েছিলেন রহমতগঞ্জ গোলরক্ষক নাঈম। রিবাউন্ডে ফের বল পেয়ে আরেকটি হেডারে বল জালে পাঠান বোয়েতেং। প্রথমার্ধ ১-১ গোলের সমতায় শেষ হয়।

দ্বিতীয়ার্ধের ৬৮ মিনিটে আবার এগিয়ে যায়  ব্রাদার্স। স্কোরশিটে নাম ওঠান মাহবুবুর রহমান। বক্সের ডানপ্রান্তে থাকা মোহামেডানের সাবেক এই ফরোয়ার্ডের দিকে দারুণ পাসে বল এগিয়ে দেন মোস্তফা কাহরাবা। পোস্টের বাম প্রান্তে জোরালো শটে গোল করেন মাহবুবুর।

ম্যাচের ৮২ মিনিটে বদলী হিসেবে নামেন সামিন জুয়েল। ম্যাচের একেবারে শেষের দিকে ৮৯ মিনিটে মাঝমাঠ থেকে লম্বা পাসে ডিবক্সের দিকে বল বাড়ায় রহমতগঞ্জ। বোয়েটেং এর হেডে সেই বল চলে যায় বক্সের ভেতর জুয়েলের কাছে। জুয়েলও মাথা ছুঁইয়ে জালে পাঠান বল। স্তব্ধ হয়ে যান ব্রাদার্স গোলরক্ষক নাঈম। মুহূর্তের নাটকে ম্যাচের দৃশ্যপট বদলে যায়। নিশ্চিত হার থেকে রক্ষা পায় রহমতগঞ্জ। প্রথম ম্যাচে কিংসের কাছে ৫-২ গোলে হারার পর এবারও জয় বঞ্চিত থাকতে হয় ব্রাদার্সকে। প্রথম ম্যাচে আবাহনীর সঙ্গে ২-২ গোলে ড্র করার পর এ ম্যাচেও একই ব্যবধানে ড্র করলো রহমতগঞ্জ।

দিনের অন্য ম্যাচে ময়মনসিংহের রফিক উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে সুলেমান দিয়াবাতের নবম মিনিটের গোলে শেখ রাসেলের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মোহামেডান। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে সেলেমানি ল্যান্দ্রির গোলে সমতায় ফেরে শেখ রাসেল।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত