প্রার্থীর মৃত্যু, নওগাঁ-২ আসনের ভোট স্থগিত

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৪:৫৩ পিএম

নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট) আসনের স্বতন্ত্র প্রার্থী আমিনুল হক (৮০) মারা গেছেন। আজ শুক্রবার (২৯ ডিসেম্বর) ভোরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আমিনুল হকের মৃত্যুর ঘটনায় এ আসনের ভোট স্থগিত করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।

ভোটের নতুন তারিখ পরে ঘোষণা করা হবে বলে জানায় নির্বাচন কমিশন। শুক্রবার নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানা গেছে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, নওগাঁ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মারা গেছেন। এ কারণে এখানে ভোট স্থগিত করেছেন রিটার্নিং কর্মকর্তা। কমিশন বসে পরবর্তী সময়ে এ আসনের তফসিল ঘোষণা করা হবে।

আমিনুল হক ২০০৬ সালে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন। তিনি নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক। এছাড়া তিনি ১৯৮৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত একাধিকবার পত্নীতলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তিনি এক ছেলে রেখে গেছেন।

ইসির নির্দেশনায় বলা হয়েছে, বৈধভাবে মনোনীত কোনো প্রার্থী যদি মৃত্যুবরণ করেন অথবা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৯১ক ও ৯১ঙ অনুচ্ছেদের বিধান অনুযায়ী যদি প্রার্থিতা বাতিল হয়, তবে অনুচ্ছেদ ১৭ এর দফা (১) অনুসারে গণবিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার নির্বাচন কার্যক্রম বাতিল করতে হবে। এরপর গৃহীত ব্যবস্থা তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনকে জানাতে হবে।

এতে আরো বলা হয়, কমিশন ওই নির্বাচনী এলাকার জন্য নতুন তফসিল ঘোষণা করবে। কমিশনের সিদ্ধান্ত অনুসারে নির্বাচন অনুষ্ঠানে পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে হবে। এক্ষেত্রে যাদের মনোনয়নপত্র আগে বৈধ হয়েছিল তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিল করতে হবে না। এমনকি জামানতের অর্থও জমা দিতে হবে না বলে উল্লেখ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত