ক্রীড়া প্রতিমন্ত্রীসহ সেই প্রার্থী মান্নানকে শোকজ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০২:১৫ এএম

‘আমি শেখ হাসিনার প্রার্থী, আমি ভারতের প্রার্থী’ বলা মেহেরপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী প্রফেসর আবদুল মান্নান এবং সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অলোক কুমার দাসকে শোকজ করেছে নির্বাচন অনুসন্ধান কমিটি। আজ শনিবার সশরীরে হাজির হয়ে নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে কারণ দর্শানোর জবাব দিতে বলা হয়েছে।

সরকারি কর্মকর্তা হয়ে একজন প্রার্থীর জন্য রোগীদের কাছে ভোট চাওয়া এবং ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে ডা. অলোককে শোকজ করা হয়। অন্যদিকে প্রার্থী প্রফেসর মান্নানকে শোকজ করা হয়েছে ডা. অলোককে মোবাইলে হুমকি দিয়ে নিজেকে ভারতের প্রার্থী দাবি করা করায়।

শোকজে ডা. অলোক কুমার দাসকে সরকারি কর্মচারী হয়ে চাকরিবিধি পরিপন্থী কর্মকা-ে যুক্ত হওয়া এবং নির্বাচন আচরণবিধি ভঙ্গ করে একজন প্রার্থীর পক্ষে প্রচারণা করার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন স্থানে স্বতন্ত্র প্রার্থীকে ভারতের দালাল ও ভারতের প্রার্থী বলার কারণ জানতে চাওয়া হয়েছে।

ক্রীড়া প্রতিমন্ত্রীকে শোকজ : এদিকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং টঙ্গী সাহাজউদ্দিন উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেনকে শোকজ করা হয়েছে। গত বৃহস্পতিবার রিটার্নিং অফিসারের পক্ষে সহকারী রিটার্নিং অফিসার ও গাজীপুর জেলা নির্বাচন অফিসার এ এইচ এম কামরুল হাসান তাদের শোকজ করেন।

জানা গেছে, যথাযথ কর্তৃপক্ষের বিনা অনুমতিতে টঙ্গী সাহাজউদ্দিন স্কুল অ্যান্ড কলেজে বৃহস্পতিবার সভা করেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বিষয়টি আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পড়ে। যার কারণে প্রার্থী জাহিদ আহসান রাসেল এবং অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেনকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। দুদিনের মধ্যে তাদের কারণ দর্শানোর নোটিসের জবাব দিতে বলা হয়েছে।

কুষ্টিয়ায় দুজনকে শোকজ : আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রেজাউল হক চৌধুরীর ভাই উপজেলা যুবলীগ সভাপতি মো. বুলবুল আহম্মেদ টোকন চৌধুরীকে শোকজ করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদার নির্বাচনী প্রচারকালে অস্ত্র দেখিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে প্রচারণা না করার জন্য প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেছেন।

আক্রান্ত স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদার দেওয়া অভিযোগের প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহা. আসাফ-উদ-দৌলা স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিস গতকাল বিকেলে পাঠিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত