ইউক্রেনের বিভিন্ন শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। গতকাল শুক্রবার সকালে চালানো এসব হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৬০ জনের বেশি। ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, এর আগে ইউক্রেনের এত বেশি সংখ্যক শহরে একযোগে হামলা চালায়নি রুশ বাহিনী। খবর বিবিসির।
ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার হাতে থাকা প্রায় সব ধরণের অস্ত্রই তারা ব্যবহার করেছে। বেসামরিকদের বাড়ি ও একটি হাসপাতালে আঘাত হেনেছে রাশিয়া। ইউক্রেনের বিমানবাহিনী বলছে, একসঙ্গে এতো ক্ষেপণাস্ত্র ছুড়তে কখনোই দেখেনি তারা।
ইউক্রেনের সামরিক বাহিনীর দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, গতকাল দেশটির বিভিন্ন এলাকায় আকাশপথে ১৫৮টি হামলা চালিয়েছে রাশিয়া। এর মধ্যে ১১৪টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করা হয়েছে।
লম্বা সময় প্রতিরক্ষামূলক অবস্থানে থাকার পর সম্প্রতি ইউক্রেনে হামলা বাড়িয়েছে রাশিয়া। এরই মধ্যে গতকাল এ হামলা চালানো হলো। ইউক্রেন সরকার জানিয়েছে, এদিন দেশটির রাজধানী কিয়েভ, পশ্চিমাঞ্চলের লিভ শহর, দক্ষিণাঞ্চলের ওদেসা ও জাপোরিঝঝিয়া এবং পূর্বাঞ্চলের নিপ্রো, খারকিভসহ বিভিন্ন এলাকায় হামলা হয়েছে।
এ দিন প্রথমে ইরানের তৈরি শাহেদ ড্রোন দিয়ে রাশিয়া হামলা চালায় বলে জানিয়েছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান ভ্যালেরি জালুঝনি। তিনি বলেন, এরপর বিভিন্ন লক্ষ্যবস্তুতে ৫৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র, পাঁচটি অ্যারোব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বেশ কয়েকটি রাডারবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া।
