জিম্বাবুয়ের বিপক্ষে সাদা বলের দুই সংস্করণের সিরিজের জন্য আলাদা দুটি প্রাথমিক দল দিয়েছে শ্রীলঙ্কা। যেখানে নতুন দুই অধিনায়ককে দায়িত্ব দিয়েছে লঙ্কান বোর্ড। ওয়ানডেতে নেতৃত্বভার দেওয়া হয়েছেন কুশল মেন্ডিসকে। আর টি-টোয়েন্টির দায়িত্ব পেয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
আগামী বছর, জানুয়ারির ৬ তারিখ থেকে জিম্বাবুয়ের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে শ্রীলঙ্কা। দুই সংস্করণের দলে আছেন সাবেক অধিনায়ক দাসুন শানাকা।
সবশেষ ওয়ানডে বিশ্বকাপের মাঝপথে চোটের কারণে ছিটকে যান শানাকা। তার অনুপস্থিতিতে নেতৃত্ব দেন মেন্ডিস। চোট কাটিয়ে ফিরলেও আর অধিনায়ক থাকছেন না শানাকা। ওয়ানডে দলে মেন্ডিসের সহ-অধিনায়ক হিসেবে থাকবেন চারিথ আসালাঙ্কা।
গত আগস্টে চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা স্পিন বোলিং অলরাউন্ডার হাসারাঙ্গা দলে ফিরেছেন। হাসারাঙ্গার ফেরা শুধু খেলোয়াড় হিসেবে নয়, টি-টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে তাকে দায়িত্ব দিয়েছে বোর্ড। তিনি এশিয়া কাপ ও বিশ্বকাপের স্কোয়াডেও ছিলেন না চোটের কারণে। টি-টোয়েন্টি দলে হাসারাঙ্গার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন চারিথ আসালাঙ্কা।
সফরকারী দল জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে শ্রীলঙ্কা। প্রতিটি ম্যাচ শ্রীলঙ্কার আর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিরিজের জন্য শ্রীলঙ্কার চূড়ান্ত স্কোয়াড উক্ত প্রাথমিক দল থেকে যথাসময়ে ঘোষণা করা হবে।
ওয়ানডের প্রাথমিক স্কোয়াড: কুশল মেন্ডিস (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), পাথুম নিশানকা, আভিশকা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, সাহান আরাচিগে, নুয়ানিদু ফার্নান্দো, দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, চামিকা করুনারত্নে, জেনিথ লিয়ানাঙ্গে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, দিলশান মাদুশঙ্কা, দুশমন্থা চামিরা, দুনিথ ওয়েল্লালাগে প্রমোদ মাদুশান, আসিথা ফার্নান্দো, আকিলা ধনাঞ্জয়া, জেফরি ভ্যান্ডারসে, চামিকা গুনাসেকেরা।
টি-টোয়েন্টির প্রাথমিক স্কোয়াড: ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ অধিনায়ক), পাথুম নিশানকা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, দাসুন শানাকা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, ধনাঞ্জয়া ডি সিলভা, মাহিশ থিকশানা, কুশল পেরেরা, ভানুকা রাজাপাকসা, আকিলা ধনাঞ্জয়া, জেফরি ভ্যান্ডারসে, চামিকা করুনারত্নে, দুশমন্থা চামিরা, দিলশান মাদুশঙ্কা, বিনুরা ফার্নান্দো, নুয়ান থুশারা, প্রমোদ মাদুশান, মাথিশা পাথিরানা।
