ব্যক্তিগত তথ্য বেহাত রোধে চোরাই মোবাইল উদ্ধারে তৎপর পুলিশ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৯ পিএম

চলতি বছরে ২৬ নভেম্বর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও মাগুরা-১ আসন থেকে মনোনয়ন পাওয়া নৌকার প্রার্থী সাকিব আল হাসানের নিজের ব্যবহৃত মোবাইল ফোন গণভবনের আশপাশের এলাকা থেকে হারিয়ে যায়। এ ঘটনায় থানায় সাধারণ ডায়রি (জিডি) করেন তিনি। তবে তার ফোনটি এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ। এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) মো. আহাদ আলী দেশ রূপান্তরকে জানান, তার মোবাইল ফোনটি এখনও উদ্ধার সম্ভব হয়নি। তবে তারা এ বিষয়ে কাজ করছেন। 

শুধু তিনি নন, তারমতো অনেক গুরুত্বপূর্ণ বা সাধারণ মানুষের মোবাইল হারানো বা ছিনতাইয়ের ঘটনার পর তাদের মোবাইলে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ নম্বর, তথ্য, ডকুমেন্ট, ছবি বেহাত হওয়া এবং এর মাধ্যমে আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার সুযোগ থাকে। নারীরা সাইবার বুলিংসহ হয়রানির শিকার হতে পারেন। আইনশৃঙ্খলাবাহিনী সদস্য ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেপ্তারে বর্তমানে তথ্য প্রযুক্তির সহায়তা নেওয়া হয়। তবে আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি) পরিবর্তন করা এসব মোবাইলে কোনো অপরাধ হলে তাৎক্ষনিক তার পরিচয় জানা সম্ভব হয় না। ফলে এসব মোবাইলগুলো অপরাধীদের হাতে চলে যাওয়াসহ তথ্য বেহাত ও হয়রানীসহ আর্থিক ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার সম্ভাবনা থাকে। 

এছাড়া এখন দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতির মাঠ উত্তপ্ত হয়ে উঠেছে। এমন একটা পরিস্থিতিতে গত ৫ ডিসেম্বর পুলিশ সদরদপ্তরে অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় হারানো মোবাইল সেট উদ্ধারে তৎপরতা বাড়ানোর জন্য মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। ওই সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণ অংশগ্রহণ করেন। 

অতিরিক্ত আইজিপি আতিকুল ইসলাম ওই সময় বলেন, হারানো মোবাইল সেট উদ্ধারের পাশাপাশি চোরাই মোবাইল বিক্রির স্থানে অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করেন। তিনি মোবাইল সেট ছিনতাই বা চুরি প্রতিরোধে টহল জোরদার করার নির্দেশনা প্রদান করেন।

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ দেশ রূপান্তরকে বলেন, হারানো বা চোরাই মোবাইলের মাধ্যমে অনৈতিক বা খারাপ কোনো অপরাধের সঙ্গে জড়িত হওয়ার সুযোগ থাকে বা হতে পারে। দেখা গেছে, কোনো অপরাধের তদন্ত তদন্তকারী বা গোয়েন্দারা যখন মোবাইলের সূত্র ধরে কাজ করে তখন মোবাইলের মালিককে পায়। ওই সময় ওই ব্যক্তি বলে থাকেন যে তার মোবাইলটিতো চুরি হয়েছিল। তখন জটিলতা সৃষ্টি হয়। তিনি আরও বলেন, নির্বাচন চোরাই মোবাইলের সঙ্গে সর্ম্পকিত না। তবে অপরাধীরাতো কিছুটাতো সুযোগ নেয়ই। এছাড়া মানুষের গুরুত্বপূর্ণ তথ্য বেহাত হতে পারে এবং এর মাধ্যমে হয়রানির করার সুযোগ সৃষ্টি হয়। সেক্ষেত্রে আমাদের সবার সর্তক থাকতে হবে।

২০২১ সালের ১ জুন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের রাজধানীর বিজয় সরণি এলাকায় তার হাত থেকে আইফোন ছিনতাইয়ের ঘটনাটি জানান। তিনি জানান, ৩০ মে মোবাইলে কথা বলার সময় তার গাড়ির জানালা খোলা ছিল। এমন সময় এক ছিনতাইকারী তার মোবাইল ফোন টান দিয়ে নিয়ে যান।  সংশ্লিষ্টরা বলছেন, এরকম একজন ব্যক্তির ফোনে অনেক গুরুত্বপূর্ণ তথ্য ও নম্বর রয়েছে যেগুলো ব্যবহার করে অপরাধীরা সুযোগ নিতে পারত। তবে এ ঘটনায় প্রায় ৫০ দিন পর ১৮ জুলাই পুলিশ ৫ জনকে গ্রেপ্তারসহ মন্ত্রীর ফোনটি উদ্ধার করে। পুলিশ সেসময় জানিয়েছিল, ফোনটি ছিনতাইয়ের পর কয়েক দফা হাত বদল হয়ে হাতিরপুলের একটি দোকানে গিয়েছিল। 

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ও সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনকে বানচাল করতে একটি স্বার্থান্বেষী মহল চেষ্টা করছে। বিভিন্ন সময়ে চোরাগোপ্তা হামলা, যানবাহন ও ট্রেনে আগুন দেওয়াসহ নানা সহিংসতা ও নাশকতা চালাচ্ছে। এ ধরনের কাজে জড়িত অভিযোগে অনেককে গ্রেপ্তারের পর তারা মোবাইলে যোগাযোগের বিষয়টি জানান। এমন সময় এই হারানো, চোরাই বা ছিনতাইকৃত মোবাইল ব্যবহার করতে পারে অপরাধীরা। এদিকে নির্বাচনে যেন কোন ধরনের নাশকতা বা সহিংসতা করতে না পারে সেদিকে নজর দেওয়ার জন্য নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার নির্দেশনা দিয়েছেন।

বিভিন্ন সময়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও তার গোয়েন্দা বিভাগ হারানো, চোরাই, ছিনতাই, মোবাইল উদ্ধারসহ অনেককে গ্রেপ্তার করেছে। এসব ঘটনায় ডিবি’র প্রধান ও অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছিলেন, চুরি বা ছিনতাই করা মোবাইল আইএমইআই পরির্বতন করে অনেক সময় অপরাধ কাজে ব্যবহার করা হয়। আবার অনেক সময় দেশের বাইরেও পাচার হয়ে যায়।

মানবাধিকার কর্মী ও বাংলাদেশ হিউমান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপার্সন ও প্রধান নির্বাহী অ্যাডভোকেট এলিনা খান দেশ রূপান্তরকে বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোনে অনেক গুরুত্বপূর্ণ তথ্য বা অনেক কাজের তথ্য থাকে। ওই ফোন চুরি বা ছিনতাই হলে ওই গুরুত্বপূর্ণ তথ্য বেহাত হওয়ার সম্ভাবনা থাকে। এতে তিনি আর্থিক বা সামাজিকভাবে ক্ষতিগ্রস্থ হতে পারেন। এছাড়া চোরাই মোবাইল দিয়ে অপরাধ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। নির্বাচনে অপরাধীদের যোগাযোগের মাধ্যম হতে পারে এই চোরাই মোবাইল। তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোরাই মোবাইল উদ্ধারে আরও তৎপর হতে হবে।

আগে মোবাইল উদ্ধারে তৎপরতা তেমন দেখা না গেলেও এখন পুলিশ মোবাইল উদ্ধারে বেশ তৎপর। গত ১২ ডিসেম্বর চাঁদপুর জেলা পুলিশ ৩১টি মোবাইল ফোন উদ্ধার করে তার মালিকদের কাছে হস্তান্তর করেন। গত ১৫ ডিসেম্বর রাজধানীর পল্টনে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ১নং গেটের সামনে অভিযান চালিয়ে ২০টি চোরাই মোবাইল ফোনসহ পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। অন্য ঘটনায় গত ১২ ডিসেম্বর রাজধানীর পরিবাগ ও হাতিরপুল এলাকায় অভিযান চালিয়ে চোরাই ৪৫টি আইফোন ও ১টি ভিভো মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। পরে এগুলো ফেরত দেওয়ার জন্য তারা তাদের ডিএমপি অনলাইন পোর্টালে আইএমই নম্বর মিলিয়ে যার যার ফোন সংগ্রহের বিজ্ঞপ্তি দেন।

মোবাইল চুরি বা ছিনতাইয়ের আলাদা করে পরিসংখ্যান না পেলেও ডিএমপি’র তথ্য অনুযায়ী জানা গেছে, চলতি বছরের আগস্ট ১,০০৯ টি চুরি ও ছিনতাইয়ের মামলা হয়েছে। এদিকে র‌্যাবের তথ্য অনুযায়ী তারা এ বছর সেপ্টেম্বর পর্যন্ত ৯৯৭ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।

পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) ইনামুল হক সাগর দেশ রূপান্তরকে বলেন, হারানো মোবাইল বা চোরাই মোবাইল অপরাধীরা সহজ টুল হিসেবে ব্যবহার করে থাকে। আর সেই কারণে পুলিশ সারা বছরই হারানো মোবাইল উদ্ধারে গুরুত্ব দিয়ে কাজ করে থাকে। আমরা বিভিন্ন সময়ে অস্ত্র ও মাদকের বিশেষ অভিযান চালাই। সেরকম নির্বাচনকে কেন্দ্র করে যেন নাশকতা বা ধ্বংসাত্বক কার্যক্রম করতে না পারে এবং অপরাধ দমনে এবার এটার উপর বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে। এ ব্যাপারে প্রতিটি ইউনিটকে নির্দেশনা দেয়া আছে যেন এ বিষয়টি সবাই গুরুত্বের সঙ্গে দেখে।

সবাইকে পুরোনো ফোন কেনার বিষয়ে সতর্ক করে দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলেন, এসব ফোনের সঙ্গে চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যাসহ বিভিন্ন অপরাধ জড়িত থাকার সম্ভাবনা থাকে। কারও ফোন হারিয়ে বা চুরি বা ছিনতাই হয়ে গেলে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেন এবং সাইবার ক্রাইম ইউনিট, জেলা গোয়েন্দা শাখায় যোগাযোগ করতে বলেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত