আগামী প্রজন্মের জন্য আলোকিত ভবিষ্যৎ ও সুখি-সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চাইলে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নসরুল হামিদ।
শনিবার কোন্ডা ইউনিয়নের পানগাঁওয়ে আয়োজিত নির্বাচনী সুধী সমাবেশে তিনি এ আহ্বান জানান।
নৌকার এই প্রার্থী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছরে কেরানীগঞ্জের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন হয়েছে। রাস্তাঘাটের যেমন উন্নয়ন হয়েছে- তেমনই মানুষের নিরাপত্তা বৃদ্ধি পেয়েছে, শিক্ষার মান বেড়েছে; অবকাঠামগত উন্নয়ন হয়েছে। সারাদেশের মতো কেরানীগঞ্জের মানুষের সামাজিক অবস্থান উন্নততর হয়েছে, জীবনযাত্রার মান বেড়েছে।’
বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ঢাকার কাছের কেনারীগঞ্জ ছিল অনুন্নত, সন্ত্রাস-চাঁদাবাজিতে পূর্ণ অন্ধকার জনপদ। কেরানীগঞ্জ আজ তার অন্ধকার যুগ ফেলে এসেছে মন্তব্য করে তিনি বলেন, ‘একটা সময় ছিলো যখন অনেকে কেরানীগঞ্জকে বলতো, ‘বাতির নিচে অন্ধকার। সেদিনের পরিসমাপ্তি হয়েছে। এখন কেরানীগঞ্জের মানুষ গর্ব করে বলতে পারে- ঢাকায় যে সুযোগ-সুবিধা আছে, আমরাও সেই সুযোগ-সুবিধা ভোগ করি।’
আওয়ামী লীগ আমলে এলাকার উন্নয়নের চিত্র তুলে ধরে নসরুল হামিদ বলেন, ‘কেরানীগঞ্জে বাংলাদেশের প্রথম বারের মতো ইউনিয়ন পর্যায়ে ১১০০ কোটি টাকা ব্যয়ে ফোর লেনের রাস্তা হচ্ছে। এখানে পাঁচটি রাস্তার কাজ চলমান রয়েছে। সেগুলো সম্পন্ন হলে অন্যান্য জেলা, শহর এমনকী ঢাকার মত সুযোগ সুবিধা এখানে তৈরি হবে।’
এছাড়া কেরানীগঞ্জে ২০০ বেডের সরকারি হাসপাতাল, অটিজম চিকিৎসা কেন্দ্র, নতুন নতুন খেলার মাঠ-পার্ক-বিনোদন কেন্দ্র নির্মাণের প্রতিশ্রুত উঠে আসে ঢাকা-৩ আসনের নৌকা প্রার্থীর কণ্ঠে।
এছাড়া তরুণদের জন্য আইসিটি বিষয়ক প্রশিক্ষণ ও কর্মমুখী বিভিন্ন কর্মশালা আয়োজনের কথাও বলেন তিনি।
নির্বাচনী এ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দক্ষিণ কেরাণীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ, কোন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাফর ইকবাল বাপ্পি, সাধারণ সম্পাদক ইমরাজ হোসেন সোহাগসহ স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
