‘নির্বাচনকেন্দ্রিক অভিযোগ তদন্ত করে ব্যবস্থা’

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৩, ০৩:৪৯ এএম

নির্বাচনী এলাকা থেকে পুলিশ যেকোনো অভিযোগ পেলে তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে নিরপেক্ষভাবে তদন্ত করছে বলে জানিয়েছেন পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি-অপারেশন) আনোয়ার হোসেন। তা ছাড়া নাশকতাকারীদের ধরতে পুরস্কার ঘোষণা করা হয়েছে। কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। কোনো রাজনীতিবিদকে অহেতুক হয়রানি করা হচ্ছে না। গতকাল শনিবার পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন এআইজি (মিডিয়া) এনামুল হক সাগর ও পুলিশ সদর দপ্তরের উপপ্রধান তথ্য কর্মকর্তা এ কে এম কামরুল আহছান।

আনোয়ার হোসেন বলেন, নির্বাচন সামনে রেখে নাশকতার ঘটনা অব্যাহত আছে। পুলিশ নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। পুলিশের কাছে সব প্রার্থী সমান। প্রচার প্রচারণার ক্ষেত্রে সব প্রার্থী যেন সমান সুযোগ পান, সেটা নির্দেশনা দেওয়া আছে। নির্বাচন সামনে রেখে একটি পক্ষ রেলে আগুনসহ নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাচ্ছে। রেল পুলিশের মাধ্যমে রেলের নিরাপত্তায় বিভিন্ন প্রতিবেদনের ভিত্তিতে আইপি ক্যামেরা বসানো হয়েছে। তিনি বলেন, যারা গ্রেপ্তার হয়েছে, তারা রাজনৈতিক কারণে নয়। রাজনীতি করা অপরাধ নয়। কেউ যদি রাজনৈতিক কর্মসূচির নামে যানবাহনে আগুন দেয়, ভাঙচুর করে, যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে তাহলে নির্দিষ্ট মামলায় তাদের গ্রেপ্তার করা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত