পাকিস্তানে আগামী বছর ২০২৪ সালের নির্বাচনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুইটি মনোনয়নই বাতিল করেছে দেশটির নির্বাচন কমিশন।
ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও নির্বাচন কমিশনের কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, পাঞ্জাব থেকে লাহোরের এনএ-১১২ ও নিজ শহর মিয়ানওয়ালির এনএ-৮৯ নির্বাচনি এলাকায় জাতীয় নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ইমরান খান। কিন্তু দুটি আসনেই তার মনোয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) দেশটির প্রাদেশিক নির্বাচন কমিশন ইমরান খানের দুটি আসনের মনোনয়ন বাতিল করে দেয়। তবে তিনি এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন বলে তাঁর দল থেকে জানানো হয়েছে।
লাহোরে মনোনয়ন বাতিলের ব্যাপারে পাকিস্তানের নির্বাচন কমিশন জানিয়েছে যে, “ইমরান খান নির্বাচনি এলাকার নিবন্ধিত ভোটার নন। একইসঙ্গে তিনি আদালতে দোষী সাব্যস্ত হয়ে নির্বাচনের অযোগ্য হয়েছেন।”
এদিকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) বেশীরভাগ প্রার্থীর মনোনয়ন বাতিল করায় ফেব্রুয়ারিতে আসন্ন নির্বাচনে তার দলকে অংশগ্রহণ করা থেকে বাধা দিচ্ছে নির্বাচন কমিশন, অভিযোগ জানিয়েছেন ইমরান খান।
এদিকে সম্প্রতি তোশাখানা মামলায় হওয়া তিন বছরের সাজা বাতিল চেয়ে আবেদন করেছিলেন ইমরান। কিন্তু ইমরানের সেই আবেদন ফিরিয়ে দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। এ ছাড়া আবেদনে ‘প্রয়োজনীয় শর্ত’ পূরণ হয়নি বলে জানিয়েছেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট।
