নির্বাচন সুষ্ঠু না হলে দেশ বিচ্ছিন্ন হতে পারে

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০২:৪০ এএম

নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য না হলে বিশ্ব থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ  অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গতকাল রবিবার রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আনিছুর রহমান বলেন, ‘সুষ্ঠু নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। সমগ্র বিশ্ব আমাদের দিকে তাকিয়ে আছে। ফলে আমাদের দৃষ্টিতে নির্বাচন সুষ্ঠু হলে হবে না। সারা বিশ্বের কাছে প্রমাণ করতে হবে এই নির্বাচনের বিষয়ে আমরা আন্তরিক।’

এই নির্বাচন কমিশনার আরও বলেন, ‘নির্বাচনকে যেকোনো মূল্যে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক করতে হবে। না হলে বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক কার্যক্রম সবকিছু থমকে যাওয়ার আশঙ্কা আছে।’

নির্বাচন সুষ্ঠু করতে তাদের প্রচেষ্টার কোনো শেষ নেই দাবি করে আনিছুর রহমান বলেন, ‘আমরা সব ধরনের নিরপেক্ষতা বজায় রেখে মাঠে কাজ করব। তবে অন্য যেকোনো নির্বাচনের তুলনায় এবার এখন পর্যন্ত সহিংসতা খুব কম হয়েছে। সঙ্গে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘনও তুলনামূলক কম হয়েছে। তাতে আমরা আত্মতুষ্টিতে ভুগছি না। আমরা চাই আরও কম হোক। সম্ভব হলে এটা জিরোতে নেওয়া উচিত।’

এই নির্বাচন কমিশনার আরও বলেন, ‘সারা দেশে দুই হাজারের বেশি প্রার্থী আছেন। যাদের সবার মানসিকতায় ভিন্নতা রয়েছে। এলাকাভিত্তিক মানুষের ভিন্নতা রয়েছে। কোনো কোনো জায়গায় ছোট একটি ইস্যু নিয়েও বড় সমস্যা হয়ে যায়। এসব কারণে আমরা মনে করি, নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার জন্য আপনাদের (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের) ভূমিকা পালন করতে হবে। আপনারা আগামী পাঁচ দিনের জন্য নিয়োজিত হবেন। এই সময়ে আপনাদের মূল কাজ হবে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করা; বিশেষ করে ভোটের আগে-পরে অনেক সময় মিথ্যা সংবাদও পাওয়া যায়। এসব বিষয়ে নিরপেক্ষতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত