বছরের প্রথম দিনই ব্ল্যাকহোল গবেষণায় স্যাটেলাইট পাঠাল ভারত

  • মহাকাশে কৃষ্ণগহ্বরের সন্ধান এবং পর্যবেক্ষণ করবে এই স্যাটেলাইট
  • এক্সপোস্যাট তৈরিতে খরচ হয়েছে প্রায় ২৫০ কোটি রুপি, মহাকাশে এটির আয়ু হবে পাঁচ বছর

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০২:৫৯ পিএম

নতুন বছর ২০২৪ সালের প্রথম দিনে ব্ল্যাকহোল বা কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণা করতে প্রথম বারের মতো মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো।

বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে কৃষ্ণগহ্বর নিয়ে গবেষণার জন্য এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট উৎক্ষেপণ করল ভারত। এর আগে এ ধরনের কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছিল মার্কিন সংস্থা নাসা।

সোমবার এক প্রতিবেদনে এ খবর জানায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, সোমবার (১ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ‘এক্সপোস্যাট’ বা ‘এক্স-রে পোলারিমিটার স্যাটেলাইট’ সফলভাবে উৎক্ষেপণ করে ইসরো।

জানা গেছে, মহাকাশে কৃষ্ণগহ্বরের সন্ধান এবং পর্যবেক্ষণ করবে এই স্যাটেলাইট। এ ছাড়াও উজ্জ্বলতম ৫০টি শক্তির উৎস পর্যবেক্ষণ ‘এক্সপোস্যাটের’ তালিকায় রয়েছে। মহাকাশের নিউট্রন স্টারগুলো নিয়েও এই কৃত্রিম উপগ্রহের সাহায্যে গবেষণা করবেন বিজ্ঞানীরা।

এনডিটিভি জানিয়েছে, কৃষ্ণগহ্বরের কাছের রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা সম্পর্কে তথ্য সংগ্রহ করবে এক্সপোস্যাট। এছাড়া নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করার পাশাপাশি কৃষ্ণগহ্বরের উপস্থিতি, সন্ধান, উৎস প্রভৃতি নানা তথ্য জোগাড় করবে এই স্যাটেলাইট।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ‘এক্সপোস্যাট’ তৈরিতে খরচ হয়েছে প্রায় ২৫০ কোটি রুপি।

অনুমান করা হচ্ছে মহাকাশে এই কৃত্রিম উপগ্রহটির আয়ু হবে পাঁচ বছর। ভূমি থেকে ৫০০ থেকে ৭০০ কিলোমিটারের নিচু কক্ষপথেই প্রদক্ষিণ করবে এক্সপোস্যাট।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত