থার্টি ফার্স্টে ৯৯৯-এ শব্দদূষণের ৯৭১ অভিযোগ

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৪:৩৮ পিএম

খ্রিস্টীয় নবর্ষের প্রাক্কালে উচ্চস্বরে লাউডস্পিকারে গান-বাজনা ও শব্দদূষণ সংক্রান্ত সারা দেশে ৯৭১টি কলের বিপরীতে সেবা দিয়েছে জাতীয় জরুরি সেবা ৯৯৯। যার মধ্যে শুধু ঢাকা মহানগর এলাকায় ২৩৭টি কলের বিপরীতে সেবা দেওয়া হয়েছে।

আজ সোমবার (১ জানুয়ারি) দুপুরে এ তথ্য জানান পুলিশ পরিদর্শক (গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা) আনোয়ার সাত্তার।

তিনি জানান, ৩১ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত মোট ফোন এসেছে ৫২৬টি। যার মধ্যে শুধু ঢাকা মহানগর এলাকা থেকে সেবা প্রত্যাশী ছিলেন ১০৭ জন। সোমবার দুপুর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত শব্দদূষণ সংক্রান্ত ৪৪৫টি ফোন এসেছে, যার মধ্যে শুধু ঢাকা মহানগর এলাকা থেকে সেবা প্রত্যাশী ছিলেন ১৩০ জন।

এসব ঘটনায় সংশ্লিষ্ট থানার পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে উচ্চস্বরে লাউডস্পিকারে গান-বাজনা বন্ধ করে শব্দদূষণ সংক্রান্ত অভিযোগগুলো নিষ্পত্তি করে।

অপরদিকে ১ জানুয়ারি রাত ২টায় ঢাকার ধানমন্ডি-১৫ নম্বর সড়কের ১৩ নম্বর বাড়ি থেকে এক সেবাপ্রত্যাশী ফোনে জানান, তার পাশের বাড়ির সীমানা দেয়ালের প্লাস্টিক শিটের ওপর ফানুস পড়ে আগুন লাগে। এ ঘটনায় ৯৯৯ থেকে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই কলার জানান, তারা নিজেরা আগুন নিভিয়ে ফেলেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত