গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা এবং বিচারের নামে প্রহসন বন্ধের দাবিতে ফেনীতে আদালত বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপিপন্থী আইনজীবীরা । সোমবার (১ জানুয়ারি) থেকে সাত জানুয়ারী পর্যন্ত তারা আদালত বর্জন করেছেন। এতে ভোগান্তিতে পড়েছে বিচারপ্রার্থীরা । সোমবার সকালে আদালত প্রাঙ্গণে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এ কর্মসূচি ঘোষণা করেন।
এ সময় বক্তারা বলেন, নির্বাচনে ভোট কেন্দ্রে না গিয়ে আপনারা মূল্যবান সময়টি অন্য কাজে লাগান। এটি প্রহসনের নির্বাচন। সরকার ন্যায়বিচার , দ্রব্যমূল্য, শিক্ষাব্যবস্থাসহ বিভিন্ন খাত ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। দেশ এখন জাহান্নামে পরিনত হয়েছে। তাই দেশ বাঁচাতে সকল শ্রেণি পেশার মানুষকে একত্রিত হওয়ার আহ্বান জানান তারা। শেষে আদালত আঙ্গিনায় সাধারণ মানুষের হাতে লিফটলেট বিতরণ করা হয়।
ফেনী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবু তাহের এর সভাপতিত্বে ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ফেনী শাখার প্রচার সম্পাদক মো. মীর মোশাররফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ফেনী আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী আহাম্মদ করিম, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খাঁন, বারের সাবেক সভাপতি অ্যাডভোকেট নুরুল ইসলাম (৩), সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুর রহমান রফিক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ফেনী শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পার্থ পাল চৌধুরী, বারের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুস সাত্তার।
