পাবনায় ছাত্রদলের মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এসময় ১০ নেতা-কর্মী আহত হয়েছে বলে দাবি ছাত্রদল নেতাদের। মিছিল থেকে কয়েকজন ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার (১ জানুয়ারি) দুপুরে পাবনা শহরের দই বাজার মোড়ে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দেশজুড়ে ছাত্রদল নেতাকর্মীদের গণ গ্রেপ্তার, হামলা, গুম, খুন ও শারীরিক নির্যাতনের প্রতিবাদে দুপুর ১২টার দিকে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। মিছিলটি শহরের ট্রাফিক মোড় থেকে দই বাজার মোড়ে পৌঁছালে পুলিশ তাদের উপর লাঠিচার্য চালায়। এসময় নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এসময় তাদের ১০ নেতাকর্মী আহত হয়েছে। এছাড়াও মিছিল থেকে বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী বলেন, ছাত্রদলের মিছিলে ধাওয়া দিলে তাদের কয়েকজন নেতাকর্মী দৌড়ে পালাতে গিয়ে আহত হয়। এসময় তাদের কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে।
