নির্বাচনে শেষ পর্যন্ত থাকা নিয়ে সংশয় জিএম কাদেরের

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০১:৪৮ এএম

নির্বাচনে শেষ পর্যন্ত জাতীয় পার্টি থাকবে কি না এ বিষয়ে সংশয় প্রকাশ করেছেন দলের চেয়ারম্যান জিএম কাদের। তিনি বলেছেন, ‘নির্বাচনে অংশ নিয়ে সরে যাওয়াটাও রাজনীতির জন্য সুখবর নয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের অনেক আসন থেকে জাতীয় পার্টির প্রার্থীরা সরে যাচ্ছেন। নির্বাচনে শেষ পর্যন্ত থাকব কি না তা সময় বলে দেবে।’

গতকাল সোমবার দুপুরে রংপুর নগরীর কোর্ট চত্বরে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচন করতে না চাওয়ার ব্যাপারে প্রার্থীদের স্বাধীনতা দেওয়া হয়েছে দাবি করে তিনি বলেন, ‘পার্টির প্রার্থীদের মধ্যে আমার একটা নির্দেশনা আছে। যারা নির্বাচন করতে চান করবেন, না চাইলে সেটিও সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তাদের রয়েছে।’

জিএম কাদের বলেন, ‘হুমকি বা অর্থের অভাবে প্রার্থিতা প্রত্যাহার করতে পারেন অনেকে। তবে এটি জনগণ ভালোভাবে নেয় না। দেশের বিভিন্ন আসন থেকে জাপার প্রার্থীরা সরে যাচ্ছেন। এই অবস্থায় শেষ পর্যন্ত জাতীয় পার্টি নির্বাচনে থাকবে কি না সেটা সময় বলে দেবে। সেই পর্যন্ত অপেক্ষা করেন।’

তিনি আরও বলেন, ‘তবে নির্বাচনে অংশ নিয়ে আবার সরে যাওয়াটা ওই আসনের ভোটাররা ভালোভাবে দেখেন না। নির্বাচন থেকে সরে গেলে প্রার্থীরা অন্য কারও প্ররোচনায় কিংবা সমর্থনে বা আঁতাত করে অথবা ভয়ে সরে গেছেন, এমন একটা মেসেজ যায়, যা রাজনীতির জন্য সুখবর নয়।’

গণসংযোগে জি এম কাদেরের সঙ্গে ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, চেয়ারম্যানের উপদেষ্টা আলাউদ্দিন মিয়া, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত