ফরিদপুরে পল্লীকবির ১২১তম জন্মবার্ষিকী পালিত

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০৪:৩২ এএম

ফরিদপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে পল্লীকবি জসীমউদ্দীনের ১২১তম জন্মবার্ষিকী পালন করেছে ‘জসীম ফাউন্ডেশন’। গতকাল সোমবার সকাল ৮টায় শহরের গোবিন্দপুর গ্রামে কবির মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে কবির বাড়ি প্রাঙ্গণে আলোচনা সভা, কবিতা পাঠ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দিনটি উপলক্ষে কবির সমাধিতে শ্রদ্ধা জানান, জেলা প্রশাসক ও জসীম ফাউন্ডেশনের সভাপতি মো. কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোর্শেদ আলম, কবির প্রতিষ্ঠিত স্কুল আনসারউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরাসহ জেলা মুক্তিযোদ্ধা কমান্ড এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। পরে আনসারউদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শোভাযাত্রা বের করে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়াছিন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার, পুলিশ সুপার মোর্শেদ আলম, প্রফেসর এম এ সামাদ, প্রফেসর মো. শাহজাহান, মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ, আমিনুর রহমান ফরিদ প্রমুখ।

পল্লীকবি জসীমউদ্দীন ১৯০৩ সালে ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তাম্বুলখানা গ্রামে মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। ১৯৭৬ সালের ১৪ মার্চ ৭৩ বছর বয়সে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। একই দিন ফরিদপুর সদরের অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে তার পৈতৃক ভিটায় কবিকে দাফন করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত