৩০ বছরের পুরনো এক ঝগড়া মিটিয়ে ফেললেন!

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০১:৫১ পিএম

গত বছরটা সানি দেওলের ভালোই কেটেছে। ‘গদর ২’-এর সাফল্যের পর থেকে তাঁকে হাসিমুখে নানা জায়গায় সাক্ষাৎকার দিতে দেখা গেছে। একই বছরে ‘রকি অউর রানি কি প্রেম কহানি’-তে ধর্মেন্দ্রর অভিনয়ও নস্ট্যালজিক করে তোলে দর্শককে। 

আবার বছরশেষে ‘অ্যানিম্যাল’ ছবিতে ববি দেওলের চরিত্রটি সাড়া ফেলে দেয় গোটা দেশে। সানির ছেলের বিয়েও ধুমধাম করে হয় গত বছরই। সব মিলিয়ে দেওল পরিবারের খুশি আবহ ছিল গোটা বছর জুড়েই। সেই খুশির পরিবেশে আরও একটি কারণে হালকা হতে পেরেছিলেন সানি। শাহরুখ খানের সঙ্গে ৩০ বছরের পুরনো এক ঝগড়া মিটিয়ে ফেলেছিলেন অভিনেতা।

৩০ বছর ধরে দুই অভিনেতার মনোমালিন্য চলছিল। একে অপের মুখ দেখা তো দূর, ফোনে কথাও বলেননি তাঁরা। তবে ২০২৩-এ অগস্ট মাসে মুক্তি পায় সানির বহু প্রতীক্ষিত ছবি ‘গদর ২’। এই ছবির অপ্রত্যাশিত বক্স অফিস সাফল্য চমকে দিয়েছিল খোদ নির্মাতাদেরও। 

বিপুল জনপ্রিয়তা পাওয়ার পর সানিকে নিয়ে নতুন করে বিস্তর লেখালিখি শুরু হয় নানা পত্র-পত্রিকা এবং ইন্টারনেটে। যে সানি খুব একটা পার্টি করেন না, বলিউডের কোনও অনুষ্ঠানেই যান না, তিনি নিজে ছবির একটি সাকসেস পার্টি দেন। 

সেই পার্টিতে ইন্ডাস্ট্রির অনেক তারকা হাজির ছিলেন। সকলকে চমকে দিয়ে পার্টিতে পৌঁছন শাহরুখ খান। ৩০ বছর পর দু’জনের দেখা। এবং দেখা হতেই কোলাকুলি করেন দুই অভিনেতা। সেই ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ে চারদিকে।

আনন্দবাজার

×
সর্বশেষ সর্বাধিক পঠিত