বছরের শুরুতেই সহিংসতা মণিপুরে, নিহত ৩

  • রাজ্যটির মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ভিডিও বার্তায় সহিংসতার নিন্দা জানিয়ে জনগণকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন
আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০৩:০৮ পিএম

নতুন বছরের শুরুতে আবার উতপ্ত হয়ে উঠেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। রাজ্যটিতে জাতিগত সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানায় ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় সোমবার বিকেলে মণিপুরের থৌবল জেলায় নতুন করে জাতিগত সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।

সংঘর্ষের পর বিক্ষুব্ধ স্থানীয়রা তিনটি গাড়িতেও আগুন ধরিয়ে দেয়।

এ ঘটনার পর রাজধানী ইম্ফলসহ উপত্যকার পাঁচ জেলা থৌবল, ইম্ফল পূর্ব এবং ইম্ফল পশ্চিম, কাকচিং এবং বিষ্ণুপুর জেলায় অর্নিদিষ্ট কালের জন্য কারফিউ জারি করেছে মণিপুর সরকার।

রাজ্যটির মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ভিডিও বার্তায় সহিংসতার নিন্দা করেছেন এবং জনগণকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন।

ভিডিওতে তিনি বলেন, “পুলিশ হামলার পেছনে যারা আছে তাদের গ্রেপ্তারে কাজ করছে। শিগগিরই তাদের গ্রেপ্তার করে আইন অনুযায়ী শাস্তি দেওয়া হবে।"

তবে সংঘর্ষে আহত ও নিহতদের পরিচয় জানা যায়নি।

অন্যদিকে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে যে আহতদের মধ্যে পুলিশ কমান্ডো এবং বিএসএফ জওয়ান রয়েছে এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।

উল্লেখ্য, মণিপুরে গত বছরের মে মাসে ভয়াবহ জাতিগত সংঘাত শুরু হয়। এরপর থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় এই রাজ্যটি বছরের বেশিরভাগ সময় ধরেই সংবাদের শিরোনামে ছিল।

সংঘাতে রাজ্যটিতে ১৮০ জনেরও বেশি মানুষ নিহত হয় এবং ঘরবাড়ি হারিয়ে গৃহহীন হয়ে পড়ে প্রায় ৬০ হাজার মানুষ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত