ভুবন বাদ্যকর নিঃস্ব, সাহায্য চান অঞ্জলি আরোরার

আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ০৪:২৪ পিএম

কাঁচা বাদামের সেই গায়ক ভুবন বাদ্যকর। তার 'বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম' গানটি ভাইরাল হয়েছিল দেশে-বিদেশে। তার গানে রিলস বানিয়েছিলেন বলিউডের একাধিক নায়ক-নায়িকাও। তার নাম ছড়িয়ে পড়েছিল দেশজুড়ে। এই গান গেয়ে কিছু উপার্জনও করেছিলেন তিনি। গান গাওয়ার জন্য ডাক পেতেন দেশের নানা প্রান্তে। কিন্তু দিন পাল্টেছে। তার সেই সব এখন অতীত।

ভুবন বাদ্যকর জানান, তিনি এখন প্রায় নিঃস্ব। বাংকে যা টাকা ছিল তা প্রায় শেষের দিকে। এখন আর কেউ তাকে ডাকে না। ফলে আয় নেই একদমই। তবে তিনি ঘুরে দাঁড়াতে চান। আর ঘুরে দাঁড়াতে তিনি সাহায্য চেয়েছেন অভিনেত্রী অঞ্জলি আরোরার। অঞ্জলি ‘কাঁচা বাদাম’ খ্যাত অভিনেত্রী। এই গানে রিল বানিয়েই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। পাশাপাশি কঙ্গনা রানাউত সঞ্চালিত রিয়্যালিটি শো ‘লক আপে’এও দেখা মিলেছিল তার।

জানা যায়, ২০২৩ সালে যে সব অল্প বয়সী অভিনেত্রীদের ভাগ্য সহায় হয়েছে তাদের মধ্যে অঞ্জলি আরোরা অন্যতম। ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম গানে নেচে ভাইরাল হয়েছিলেন তিনি। ২৪ বছরের এই তরুণী সোশ্যাল মিডিয়ায় রিলস বানিয়েই কোটি টাকার বাড়ি কিনেছেন।

শুধু তাই নয়। মাত্র ২৪ বছর বয়সেই দামি SUV গাড়িও কিনে ফেলেছেন তিনি। এ নিয়ে অনেকেই বলছেন, অঞ্জলির পরিচিত মুখ হয়ে ওঠেন কাঁচা বাদমের রিল বানিয়েই। তারপর তিনি অনেক রিল বানিয়েছেন। জনপ্রিয় হয়েছেন ঠিকই। তবে তাকে এতটা জনপ্রিয়তা এনে দিয়েছে ভুবন বাদ্যকরের গান। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত