প্রথমবারের মতো দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে চমক সৃষ্টি করেছেন মৌলভীবাজার-৩ আসনে (সদর ও রাজনগর) আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান। মনোনয়ন পাওয়ার পরই তিনি মনস্থির করেন মৌলভীবাজার-৩ আসনে মানুষের আকাঙ্ক্ষার চেয়ে বেশি উন্নয়ন করবেন। তাই নেমে গেলেন মাঠে।
জিল্লুর প্রতিশ্রুতি দিচ্ছেন নির্বাচনে জয়ী হওয়ার ৬ মাসের মধ্যে মৌলভীবাজারে মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয় তৈরি করবেন তিনি। এছাড়া মৌলভীবাজার ও রাজনগরের আন্তঃমহাসড়ক চার লেনে উন্নীত করা, শহরে বাইপাস, নতুন মনু সেতু তৈরি এবং কাউয়াদীঘি হাওরের উন্নয়ন করার কথাও বলছেন।
তার এসব প্রতিশ্রুতিতে খুশি ভোটাররা। তাদের আশা সাইফুর রহমানের পর মৌলভীবাজার-৩ আসনে উন্নয়নের ধারাবাহিকতা রাখতে পারবেন জিল্লুর।
দলীয় সূত্রে জানা গেছে, জিল্লুর আগামী ৪ জানুয়ারি মৌলভীবাজার শহরে শেষ নির্বাচনী সভায় তার পরিকল্পনার কথা জানাবেন। প্রতীক বরাদ্দের পর এখন পর্যন্ত নির্বাচনী আসনের ৯৫ শতাংশ এলাকায় তিনি গণসংযোগ, উঠান বৈঠক ও জনসভা করেছেন।
মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন বলেন, আমার স্বামী প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী এই আসনের এমপি ছিলেন। কিন্তু তিনি তার দায়িত্ব শেষ হওয়ার আগেই চলে গেছেন। জিল্লুরকে মহসিন আলী ছেলের মতো দেখতেন। আমরা চাই জিল্লুর এমপি হয়ে মহসিন আলীর রেখে যাওয়া অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবেন।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুহিবুর রহমান তরফদার বলেন, আমরা বিশ্বাস করি নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত। এর বাইরে যাওয়ার সুযোগ নেই। জিল্লুর একজন তরুণ, তিনি অসম্ভবকে সম্ভব করতে পারবেন।
এ বিষয়ে জিল্লুর দেশ রূপান্তরকে বলেন, মৌলভীবাজার ৩ আসনকে দেশের স্মার্ট আসন হিসাবে গড়তে চাই। ইতোমধ্যে একটি মহাপরিকল্পনা নিয়েছি। সেই লক্ষ্যেই কাজ করব।
১৯৭৮ সালে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নে জন্মগ্রহণ করেন জিল্লুর। তিনি দেশের অন্যতম কাঁচ উৎপাদনকারী প্রতিষ্ঠান অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। যুক্তরাজ্যের সিআইএস থেকে এমবিএ ও বিএসসি ডিপ্লোমা করেছেন। খুব কম সময়ে তরুণ উদ্যোক্তা হয়ে উঠেন তিনি।
