ফেনীতে জাতীয় পার্টির প্রার্থীর ব্যানারে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ছবি লাগিয়ে মতবিনিময় সভা করেছেন (অব.) লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী।
গতকাল মঙ্গলবার (২ জানুয়ারি) সোনাগাজীর মতিগঞ্জ কমিউনিটি সেন্টারে ফেনী-৩ আসনে জাতীয় পাটির লাঙ্গল মার্কার মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফেনী-২ আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী নিজাম উদ্দিন হাজারী।
এ সময় তাকে ফুলেল নৌকা দিয়ে শুভেচ্ছা জানান আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী -(সোনাগাজী-দাগনভূঞা) আসনে জাতীয় পাটির প্রার্থী (অব.) লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী।
এছাড়া জাপার মতবিনিময় সভায় ব্যানারে দলটির চেয়ারম্যান জিএম কাদেরের ছোট আকারের একটি ছবি থাকলেও আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল চোখে পড়ার মতো।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ফেনী পৌরসভার সাবেক মেয়র হাজী আলাউদ্দিন ও সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রবিউজ্জামান বাবু ও চরদরবেশ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো প্রমূখ।
ফেনী-২ আসনে নৌকার প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন হাজারী বলেছেন, ফেনীর তিনটি আসনের মধ্যে জোটের রাজনীতির কারণে ফেনী-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে।
এ সময় ফেনী-৩ আসনের লাঙ্গল প্রতীকের প্রার্থী লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাসুদ উদ্দিন চৌধুরীর জন্য ভোট চাইলেন ফেনী-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন হাজারী।
