সিডনিতে শেষবারের মতো হাজির হয়েছিলেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ান ওপেনার সঙ্গে এনেছিলেন তার সন্তানদের। পরনে ছিল তার সাদা পোশাক ব্যাগি গ্রিন টুপি। একদিন আগেই যে টুপি হারিয়ে গিয়েছিল বলে জানিয়েছিলেন তিনি।
টুপিসহ ব্যাগের খোঁজ চেয়ে ইন্সটাগ্রামে ভিডিও পোস্ট করেছিলেন ওয়ার্নার। ভিডিওবার্তায় অনুরোধ জানিয়েছিলেন পেলে যেন ফেরত দেওয়ার ব্যবস্থা করা হয়। আজ বুধবার অবশ্য টসের আগে মাথায় অস্ট্রেলিয়ার চিরচেনা সবুজ ক্যাপ নিয়েই হাজির হয়েছিলেন ওয়ার্নার। তবে কী একদিনের মাথায় ক্যাপ ফিরে পেয়েছেন বাঁহাতি এই ব্যাটার।
ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিসিয়াল ওয়েবসাইট অবশ্য জানিয়েছে, এটা ওয়ার্নারের সঙ্গে থাকা বাড়তি একটি ক্যাপ। ২০১১ সালে অভিষেকের দিন যে ক্যাপটি দেওয়া হয়েছিল, সেটি ছিঁড়ে যাওয়ার পর তা আবার সারিয়ে নিতে পাঠানো হয় প্রস্তুতকারকদের কাছে। সেসময়ই একটি ক্যাপ তুলে দেওয়া হয় ওয়ার্নারের হাতে। বাড়তি সেই ক্যাপ নিয়েই আজ সিডনিতে হাজির হয়েছেন তিনি।
ম্যাচের আগে ফক্স ক্রিকেটের সামনে আরও একবার ক্যাপ ফেরত পাওয়ার আকুতি জানান ওয়ার্নার, ‘এখনো ক্যাপ খুঁজে পাইনি। আপনি যদি আমার ব্যাকপ্যাক পেয়ে থাকেন, আমি আপনাকে আমার ব্যাকপ্যাক দিয়ে দিব। আমি শুধু ওই ব্যাগি গ্রিনসগুলোই ফেরত চাই, প্লিজ।’
