জোড়া বিস্ফোরণে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জড়িত: ইরান

আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১০:১৭ পিএম

ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেইমানির কবরের কাছে জোড়া বোমা বিস্ফোরণের ঘটনায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে তেহরান। তবে যুক্তরাষ্ট্র এই অভিযোগ অস্বীকার করেছে। আজ বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফ্রান্স-২৪। 
 
এর আগে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির রাজনৈতিক ডেপুটি মোহাম্মদ জামশিদি মাইক্রো ব্লগিং সাইট এক্সে লিখেন, ‘ওয়াশিংটন বলেছে কেরমানে সন্ত্রাসী হামলায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কোনো ভূমিকা ছিল না। সত্যিই? একটি শেয়াল প্রথমে নিজের আস্তানার গন্ধ পায়।’

তিনি আরও লিখেন, ‘কোনো ভুল করবেন না। এই অপরাধের দায়ভার যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী শাসকদের (ইসরায়েল) এবং সন্ত্রাসবাদ শুধুমাত্র তাদের একটি হাতিয়ার।’

এ বিষয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘যুক্তরাষ্ট্র কোনোভাবেই জড়িত ছিল না। আমাদের বিশ্বাস করার কোনো কারণ নেই এই বিস্ফোরণে ইসরায়েল জড়িত ছিল।’

অপরদিকে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, ‘আমরা হামাসের সঙ্গে যুদ্ধের দিকে মনোনিবেশ করছি।’

গাজায় চলমান ইসরায়েল-হামাস যুদ্ধ এবং লেবাননে হামাসের একজন সিনিয়র নেতাকে হত্যার পর মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এর মধ্যে কেরমানে জোড়া বোমা বিস্ফোরণে শতাধিক নিহত ও আহতের ঘটল। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হামলাকারীদের ‘কঠোর জবাব’ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এই জঘন্য হামলার নিন্দা জানিয়েছেন। তিনি আজ তুরস্ক সফর বাতিল করেছেন এবং দিনটি জাতীয় শোক দিবস ঘোষণা করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত