বিবৃতিতে রানা দাশগুপ্ত

নির্বাচনকে কেন্দ্র করে সংখ্যালঘুদের ওপর চাপ বাড়ছে

আপডেট : ০৫ জানুয়ারি ২০২৪, ০৪:৫৮ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধর্মীয় সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর ক্রমশ চাপ বাড়ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেছেন, এ বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) ও আইনশৃঙ্খলা বাহিনী পদক্ষেপ না নিলে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যেতে পারে।

ঐক্য পরিষদের কেন্দ্রীয় মনিটরিং সেলের প্রাপ্ত তথ্যের বরাতে তিনি সুনামগঞ্জ-১ ও সুনামগঞ্জ- ২, ঝিনাইদহ-১, গাইবান্ধা-২, সাতক্ষীরা-২ এবং বরিশাল-২ সংসদীয় আসনে আওয়ামী লীগ প্রার্থীদের (সংখ্যালঘু) বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীদের উসকানিমূলক বক্তব্য, সংখ্যালঘু ভোটারদের হুমকি, কয়েকজনকে পিটিয়ে গুরুতর আহত করা, চট্টগ্রামের পটিয়ায় নৌকার প্রার্থীর ক্যাম্প থেকে সেøাগান দিয়ে বিশ্বমঙ্গল গীতা সংঘ ও দুর্গা মন্দিরে হামলার ঘটনার বিষয় উল্লেখ করেন।

রানা দাশগুপ্ত বলেন, বেশ কিছু প্রার্থীর নির্বাচনী প্রচারণায় ধর্মীয় ও সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্য এবং কোনো কোনো ক্ষেত্রে সম্প্রদায়ের নাম উল্লেখ করে অকথ্য ভাষায় ঘৃণা ছড়ানো হচ্ছে। হুমকিদাতাদের নির্দেশানুযায়ী কেন্দ্রে গেলে বা না গেলে পরে দেখে নেওয়া হবে বলে হুমকি দেওয়া হচ্ছে। এর সঙ্গে যোগ হচ্ছে নির্বাচনী মিছিলে যাওয়া না যাওয়া নিয়ে প্রকাশ্যে হুমকি-ধমকি।

আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এখনই যদি নির্বাচন কমিশন ও নিরাপত্তা রক্ষায় নিয়োজিত সব বাহিনী ত্বরিত ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ না করে, তবে নির্বাচনের দিন ও নির্বাচনের ফল প্রকাশের পরপরই সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের মাত্রা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত