রাজশাহীর তিন উপজেলায় চারটি ভোটকেন্দ্রে অগ্নিসংযোগ করেছে দুবৃর্ত্তরা। বাঘা, বাগমারা ও মোহনপুর উপজেলায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে এসব ঘটনা ঘটে। এর মধ্যে বাগমারার ভোটকেন্দ্রটি থেকে দুটি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ। বাঘার একটি ভোটকেন্দ্রের অফিসকক্ষ বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে হতে পারে বলে ধারণা পুলিশের। অন্য তিনটি ভোটকেন্দ্রে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ভোটকেন্দ্রগুলো হলো—বাঘা উপজেলার জুতনশি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আড়ানী ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোহনপুরের মতিহার উচ্চ বিদ্যালয় এবং বাগমারার আক্কেলপুর উচ্চ বিদ্যালয়।
মোহনপুরের মতিহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবর রহমান জানান, তাদের স্কুলটি ভোটকেন্দ্র। বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা স্কুলের একটি শ্রেণিকক্ষে আগুন দেয়। এতে কয়েকটি বেঞ্চ ও চেয়ার-টেবিল পুড়ে গেছে। শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, বাগমারার আক্কেলপুর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই ভোটকেন্দ্রের সামনে দুটি তাজা ককটেল পাওয়া গেছে।
বাঘা থানার ওসি আমিনুল ইসলাম জানান, উপজেলার জুতনশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পরিত্যক্ত ভবনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এটি মূল ভোটকেন্দ্রের বাইরের অংশ। এই আগুনের ফলে ভোট কেন্দ্রের কোন ক্ষয়ক্ষতি হয় নি। এছাড়া আড়ানী ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রধান শিক্ষকের অফিসে আগুন লেগেছে। এতে কিছু বই ও আসবাবপত্র পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে বৈদু্তকি শর্ট সার্কিটের কারণে এই স্কুলে আগুন ধরেছে।
রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, ‘কোন স্কুলে কীভাবে আগুন লেগেছে তার তদন্ত করছে পুলিশ। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
