খুলনা-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী এস এম কামাল হোসেনের নির্বাচনী প্রচারণা ক্যাম্পের পাহারাদার হাসান ফারাজীর (৪২) শরীরে কেরোসিন দিয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত আড়াইটার দিকে যোগীপোল এলাকায় এ ঘটনা ঘটে।
দগ্ধ হাসান ফারাজী ওই এলাকার সোহরাব ফারাজীর ছেলে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারী বিভাগে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসাধীন তিনি।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. মমতাজুল হক দেশ রূপান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে যোগীপোল এলাকায় নৌকার প্রার্থীর নির্বাচনী ক্যাম্পের পাহারাদার হাসান ফারাজী বাড়ি থেকে ক্যাম্পে যাচ্ছিলেন। পথে দুই-তিনজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে কেরোসিন ছুড়ে মারে। এরপর তারা আগুন ধরিয়ে দেয়। আগুনে হাসান ফারাজীর ঘাড়ের কিছু অংশ পুড়ে যায়। তবে শরীরে বেশি ক্ষতি হয়নি।
